প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অতিরিক্ত সচিবের বাসা থেকে কোটি টাকা ও ১১ আইফোন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৪

সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের উত্তরার বাসায় অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। অভিযানে তার বাসা থেকে মিলেছে এক কোটি টাকা ও ১১টি আইফোন। পরে মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথবাহিনী এ অভিযান চালায়।

সোমবার (৪ নভেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলে থানায় গ্রেপ্তার আছেন। গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় শুরু হয় অভিযান। অভিযানে বাসাটি থেকে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশকিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়। পরে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকেই অবসর নেন আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা