পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের উপর আরোপিত কর হার হ্রাসের বিষয়ে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। খুব দ্রুতই এবিষয়টিতে ভালো কিছু নিয়ে আসতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
শনিবার (২ নভেম্বর) বিএসইসি, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স, ডিএসই, সিএসই ও সিডিবিএল এর সাথে সভা অনুষ্ঠিত হয়। এসময় খন্দকার রাশেদ মাকসুদ এসব কথা বলেন।
এসময় পুঁজিবাজারের বিদ্যমান কর নীতির প্রয়োজনীয় সংস্কার, পুঁজিবাজারের সার্ভেইল্যান্স এর মান উন্নয়ন ও সার্ভেইল্যান্স এর মাধ্যমে অনিয়মের সাথে জড়িতদের বিচারের আওতায় আনয়নসহ সার্ভেইল্যান্স ব্যবস্থার সংস্কার এবং পুঁজিবাজারের বিদ্যামান শেয়ার লেনদেনের সেটেলমেন্ট সময়কে আরো দ্রুত করা ও বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টদের জন্য সুবিধাজনক করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
পুঁজিবাজারের অনিয়ম রোধে এবং কারসাজিকারীদের শাস্তির আওতায় আনতে সার্ভেইল্যান্স কার্যক্রম আধুনিকায়ন বিস্তারিত আলোচনা হয়। এসময় সভায় উপস্থিত সকলে বিএসইসি’র পাশাপাশি এক্সচেঞ্জসমূহ এর সার্ভেইল্যান্স সিস্টেমের উন্নয়ন এবং তাদের সার্ভেইল্যান্স কার্যক্রমও জোরদার করা প্রয়োজন বলে মত দেন।
বাজারে প্রাইস ম্যানুপুলেশন ও ইনসাইডার ট্রেডিংসহ অন্যান্য অনিয়ম রোধকল্পে বিএসইসি, ডিএসই, সিএসই সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজারের সার্ভেইল্যান্স কার্যক্রম আরো শক্তিশালীকরণের বিষয়ে সভায় আলোচনা হয়। এছাড়াও পুঁজিবাজারকে আরো গতিশীল করতে ও বিনিয়োগকারীদের বিনিয়োগ আগ্রহী করতে পুঁজিবাজারে বিদ্যামান কর নীতির সংস্কার আনয়নে এবং কর হার অধিকতর যৌক্তিকরণের বিষয়ে সভায় আলোচনা হয়।
সভার আলোচনায় পুঁজিবাজারের বিদ্যামান শেয়ার লেনদেনের সেটেলমেন্ট সময়কে আরো দ্রুত করা এবং বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টদের জন্য সুবিধাজনক করার জন্য কিভাবে কাজ করার প্রক্রিয়া সহ সুবিধা-অসুবিধা ও ফলাফল ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।