প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নারী ফুটবলারদের সব সমস্যার সমাধান হবেঃ ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৪

নারী ফুটবলারদের সব সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। আবাসন সমস্যা, অনুশীলন, বেতন কাঠামোসহ সবকিছু নিয়ে কথা হয়েছে। দুই-তিন দিনের মধ্যে ফুটবলাররা আমাদেরকে তাদের সমস্যাগুলো লিখিতভাবে দেবেন। সেটা আমি সরাসরি স্যারকে পৌঁছে দেবো। বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

ক্রীড়া উপদেষ্টা বলেন, নারী ফুটবলাররা জানিয়েছেন, এবার ক্যাম্পটা সারা বছর চলার কারণে এই সাফল্য সম্ভব হয়েছে। সেটাকে যেন সারা বছর চলমান রাখা যায়, সে আবদার তারা করেছেন।

‘বাফুফের নতুন কমিটির সঙ্গে মিলে নারী ফুটবল দলের সমস্যা এবং ফুটবলের যে সমস্যা সবগুলো আমরা সমাধান করব।’

তিনি বলেন, বাফুফের সভাপতি দেশে ছিলেন না, যে কারণে বাফুফের কেউ আজকে নেই। আমার কাছে যে ২৫ জনের তালিকা এসেছে, আমরা তাদেরকে এখানে আনার ব্যবস্থা করেছি।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা খুব ধৈর্য সহকারে নারী ফুটবলারদের কথা শুনেছেন। তিনি তাদের নানা সমস্যার কথা শুনেছেন এবং সেগুলো লিখিতভাবে দেওয়ার জন্য বলেছেন। লিখিত পেলে খুব দ্রুত আমরা ব্যবস্থা নিতে পারব।

শনিবার (২ নভেম্বর) দুপুরে সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, নারী ফুটবলাররা প্রত্যেকের সাইন করা জার্সি এবং ফুটবল প্রধান উপদেষ্টাকে গিফট করেছেন। প্রধান উপদেষ্টাসহ আমরা সবাই নারী ফুটবলারদের সঙ্গে সকালের নাশতা করেছি।

আসিফ মাহমুদ বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করব। আমরা বাইরে থেকে দেখি, ক্রিকেটের এত পিআর, এতকিছু, তাদেরও কিন্তু সমস্যা আছে, যেগুলো ছোট ছোট সমস্যা। স্পোর্টসের স্টেকহোল্ডার হচ্ছে আমাদের খেলোয়াড়রা। তারাই সবার ঊর্ধ্বে থাকবে। আগে সবার ঊর্ধ্বে ছিল কমিটির মেম্বাররা, সেটা আর হবে না। এটা অন্তত আমার সময়ে নিশ্চিত করব ইনশাল্লাহ।

তিনি বলেন, আমি যতটুকু জানি যে দুই মাসের স্যালারি ডিউ আছে। আপনারা জানেন এতদিন বাফুফেতে সালাউদ্দিন সাহেবের কমিটি ছিল। এখন নতুন কমিটি এসেছে, নতুন কমিটির সঙ্গে আমরা এই কথাগুলো ওয়ার্ক আউট করব। ভবিষ্যতে যেন ডিউ না হয়। বাফুফের বিশাল অঙ্কের ঋণ রয়েছে, কেন হলো এরকম? কোন কোন জায়গায় আর্থিক অনিয়ম হয়েছে আপনারাই (মিডিয়া) বিভিন্ন সময়ে বলেছেন। সেগুলো নিয়ে অলরেডি নতুন কমিটিকে অডিট করার জন্য বলেছি। যদি কোথাও অনিয়ম হয়ে থাকে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

এর আগে বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে গত বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেদিন তাদের ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের বরণ করে নেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বরণ করার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক পুরস্কারের ঘোষণা দেন উপদেষ্টা। মোট ১ কোটি টাকার আর্থিক পুরস্কারের চেক তাৎক্ষণিকভাবে অধিনায়ক সাবিনা খাতুনের হাতে তুলে দেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা