এবার হজের খরচ কমছে। দুদিনের মধ্যে তা ঘোষণা করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টারা অল্পদিনের দায়িত্ব পেয়েছি। আমার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হজের প্যাকেজ নিয়ে কাজ করছি।
ধর্ম উপদেষ্টা বলেন, ২০২৫ সালের জুন মাসে যে হজ অনুষ্ঠিত হবে তাতে বাংলাদেশর মানুষ যেন সুন্দরভাবে হজ করতে পারেন, তাদের যেন খরচ কম হয় সেই চেষ্টা করছি দিনরাত। আমি নিজে হজ করেছি কয়েকবার আমার অনেক কিছু জানা আছে। আমি চেষ্টা করছি কীভাবে করলে খরচ কম হবে। ডলারের দাম বাড়ার কারণে রিয়ালের দাম বেড়েছে। এজন্য সমস্য হচ্ছে কিছুটা। আমি নিজে মক্কা মদিনা সফর করেছি, সেই দেশের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারপর দেশে এসে বাংলাদেশ বিমানের সাথে বসেছি, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে বসেছি, এনবিআরের সাথে বসে আলোচনা করে দুই ক্যাটাগরিতে হজের প্যাকেজ নির্ধারণ করেছি। মক্কা থেকে একটি কাছের প্যাকেজ আরেকটি ২ দশমিক ৫ কিলোমিটার দূরে। যাতে হাজিদের কষ্ট না হয়। হাজিদের জন্য ৮০ জন অভিজ্ঞ ডাক্তার, ২০০ নার্স ও ১ কোটি টাকার ওষুধ সরবরাহ করা হবে। ইনশাআল্লাহ আমি নিজেও হজে উপস্থিত থাকবো। হাজিদের কোনো সমস্যা হবে না।
খালিদ হোসেন বলেন, আমি দিনাজপুর জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের উপদেষ্টদের সাথে আলোচনা করব। যেমন হিলির বিভিন্ন সমস্যা নিয়ে দৃষ্টি দিয়েছি আর অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের জন্য দায়িত্বে এসেছে। আগামী নির্বাচন জিতে যারা ক্ষমতায় আসবেন, তারা সময় পেলে সমস্যাগুলোর সমাধান করবেন।