অন্যান্য দিনের মত ২০ অক্টোবর (রবিবার) দিনটিও ছিল কর্মব্যস্ত রৌদ্র-ঝলমলে দিন। তবে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের কাছে এই দিনটি ছিল বিশেষকিছু। কারণ সাংবাদিকদের দ্বিতীয় ঘর (সেকেন্ড হোম) খ্যাত জাতীয় প্রেস ক্লাবের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় এই দিন। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান প্রেস ক্লাব যা পরে জাতীয় প্রেস ক্লাবে রূপান্তর হয়, একে একে পার করেছে ৭০ টি বছর।
অন্যান্য বছর ৭ দিনব্যাপী অনুষ্ঠান থাকলেও এই বছর তা কাটছাট করে একদিনে নামিয়ে আনা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগকে সম্মান করে উৎসবকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখা হয়।
জাতীয় প্রেস ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রেস ক্লাব ভবন ও প্রাঙ্গণে নান্দনিক আলোকসজ্জা করা হয়।
রোববার (২০ অক্টোবর) কেক কেটে, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ এবং আকর্ষণীয় র্যাফেল ড্রয়ের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এদিন বিকেল থেকে বিপুল সংখ্যক সদস্যের পদচারণায় মুখর হয়ে উঠে ক্লাব আঙিনা।
সন্ধ্যা ৬টায় তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। তথ্য উপদেষ্টার শুভেচ্ছা বক্তব্যের পর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ সমাপনী বক্তব্য রাখেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বরেণ্য শিল্পী ফেরদৌস আরা, কনক চাঁপা, উল্কা হোসেন, আলম আরা মিনু, শাহরিয়ার রাফাত, ইবনে রাজন প্রমুখ। অনুষ্ঠানে সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।