প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জুলাই-আগস্ট আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমানঃ দুদু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৪

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা করা দরকার সবই করেছেন তারেক রহমান। এটা যদি কাউকে ব্যাখ্যা করে বোঝাতে হয়, তাহলে একটু অসুবিধা আছে। ১৬ বছর ধরে শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আর তারেক রহমান বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে রক্ষা করেছেন।

শনিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতীকী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

দুদু বলেন, বর্তমান সরকারের কাছে খুব বেশি কিছু প্রত্যাশা করি না, ছোট্ট একটি প্রত্যাশা আছে। দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারে না। ড. মুহাম্মদ ইউনূস জ্ঞান গরিমা এবং কর্মের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তি। তিনি নির্বাচন কবে হবে এই কথাটা যতদিন জাতিকে জানাতে না পারবেন, ততদিন নানা বিতর্ক তৈরি হবে। এই বিতর্ক সৃষ্টিতে সরকারের ভূমিকা থাক- এটা আমরা প্রত্যাশা এবং পছন্দ করি না।

বিএনপির এই নেতা আরও বলেন, এক মাসে কিছু হয় না। একটা সন্তান জন্ম দিতেও ৯ মাস লাগে। এক মাসে যদি কোনও সন্তান আনতে হয়, সেটা মৃত সন্তান হয়। ১৬টি বছর এদেশের মানুষ রক্ত দিয়েছে। ১৬টি বছর এদেশের ছাত্র, শ্রমিক, কৃষক গুম ও নিখোঁজ হয়েছে। ১৬টি বছর জেল খেটেছে। এক মাসের আন্দোলনের কথা সব বিবেচনায় যদি এনে থাকেন, সেটা ঠিক নয়। এজন্য যত তাড়াতাড়ি নির্বাচন করা সম্ভব হবে, তত তাড়াতাড়ি গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় প্রতীকী প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড মোহাম্মদ খান রিয়াজ উদ্দিন নসু প্রমুখ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা