দুর্গাপূজার পর ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আইজিপি।
পুলিশ প্রধান বলেন, আগামীকাল রোববার বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে। বিসর্জনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমাদের জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু রয়েছে। আমরা যখনই পূজা সংক্রান্ত কোনো সংবাদ পাচ্ছি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যারা অপতৎপরতা চালাতে চায় তারা মুষ্টিমেয় দাবি করে আইজিপি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সময় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ উপস্থিত ছিলেন।