ধর্ম মন্ত্রণালয়ের অন্যতম বৃহৎ প্রকল্প ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’। ১৯৯৩ সালে সারাদেশে মোট ৭৬৮টি কেন্দ্র নিয়ে চালু হওয়া প্রকল্পে বর্তমানে প্রায় ৭০ হাজার ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক সম্মানীর বিনিময়ে কর্মরত আছেন। জনচাহিদা, জনসম্পৃক্ততা এবং হারিয়ে যাওয়া মক্তবের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে, কর্তৃপক্ষের অনুমোদনে প্রকল্পের আকার আকৃতি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্যাপক জনসম্পৃক্ততার কারণে এ প্রকল্পের কার্যক্রমেও অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি বাসা বেঁধেছিলো। ফলে এ প্রকল্পের বিশেষতঃ ঢাকা জেলার কেন্দ্রসমূহ নিয়ে সত্য-মিথ্যার মিশ্রণে নানান কথা ছড়িয়ে পড়ে। বিশেষতঃ রাজধানী শহরে নানামুখী তদবিরের চাপে প্রকল্প কার্যক্রম ব্যাহত হওয়ায় এ আলোচনায় ব্যাপক ডালপালা গজিয়ে ওঠে। প্রকল্পের ৭ম পর্যায়ের মেয়াদ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে।
প্রকল্প মেয়াদের শেষের দিকে যুগ্ম সচিব এ এস এম শফিউল আলম তালুকদারকে এ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। প্রকল্পে যোগদান করেই তিনি এ কার্যক্রমের দুর্নাম, অনিয়ম ঘুচাতে নানান উদ্যোগ গ্রহণ করেন। প্রথমেই দুর্নীতির সাথে জড়িত কিংবা দুর্নীতি প্রশ্রয় দেয়া কর্মকর্তা-কর্মচারিদের ঢাকার বাইরে বদলি করেন। শুধু তা-ই নয়, তাদের অযোগ্যতা, অনিয়মের কারণে অপচয়কৃত সরকারি অর্থ ফেরৎ চেয়ে পত্র দেন বা বিভাগীয় মামলা রুজু করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে বারবার সভা করে কিভাবে দুর্নীতি, অনিয়ম রোধ করে প্রকল্পের হারানো ভাবমূর্তি উদ্ধার করা যায় সেজন্যে নানান দিক নির্দেশনা প্রদান করেন। তিনি সকলকে সাহসি হতে উৎসাহিত করে তাদের যে কোন বিপদে পাশে দাঁড়াবার অঙ্গীকার করেন।
এবার শুরু হয় কেন্দ্র শিক্ষকদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান। প্রকল্প দপ্তর, ঢাকা বিভাগীয় কার্যালয়, জোন-উপজেলা অফিস থেকে একযোগে শুরু হয় পরিদর্শন কার্যক্রম। এ অভিযানে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পাওয়া কেন্দ্র, পাঠদান না করে সম্মানী নেয়া কেন্দ্র সব বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা জেলার ৪ হাজার ৮শত কেন্দ্রের মধ্যে প্রায় ১ হাজার ২শত কেন্দ্রের শিক্ষকদের সম্মানী বন্ধ হয়ে যায়। এসব তৎপরতার কারণে ফলে ঢাকা জেলার কার্যক্রমে শৃঙ্খলা ফিরে এসেছে।
ঢাকা জেলার তেজগাঁও, বনানী, কাফরুল, পল্লবী, মাতুয়াইল, সারুলিয়া, দারুস সালাম জোনে খোঁজ নিয়ে জানা গেছে এসব জোনে শতভাগ নিয়মতান্ত্রিকভাবে পাঠদান পরিচালিত হয়। অন্যান্য জোন উপজেলায়ও এসব জোনের অনুকরণে কার্যক্রম চলমান আছে। তবে, ভাড়া বাসা এবং বস্তি এলাকার কেন্দ্রগুলোতে শিক্ষার্থী পরিবর্তন এখানে স্বাভাবিক নিয়মে পরিনত হয়েছে। বৎসরব্যাপী শিক্ষাবর্ষে একই কেন্দ্রে একই শিক্ষার্থী ধরে রাখা কষ্টসাধ্য হয়ে পড়ে।
ব্যাপক জনপ্রিয়তা, জনসংশ্লিষ্টতা, প্রাক-প্রাথমিক পর্যায়ের শিশুদের স্কুলমুখি করা এবং সর্বোপরি ধর্মীয় শিক্ষার সাথে সংশ্লিষ্টতার কারণে পুনরায় প্রকল্প অনুমোদন হবে-এ বিশ^াস সকলের।