প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দ্রুত সংস্কার করে নির্বাচন দেয়া হবেঃ ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কারকাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচনের আয়োজন করা। এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ড. ইউনূস। দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

নিউইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এ কথা বলেন।

ড. ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় নেওয়া এ সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্টটি রোববার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত হয়।

টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন।

ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এ ব্যাংকটি সুবিধাবঞ্চিত ব্যক্তিদের বিনা জামানতে ক্ষুদ্রঋণ দিয়ে থাকে। তিনি ও এ ব্যাংক ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার জিতেন।

হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের উল্লেখ করে ইউনূস বলেন, ‘বিপ্লবের’ জন্য তরুণরা তাদের জীবন উৎসর্গ করেছেন। সরকারের নীতিনির্ধারণে তরুণ প্রজন্মকে যুক্ত করার বিষয়ে নিজের অবস্থানও তুলে ধরেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটময় সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানকে পাশে চাই। বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্রকে দৃঢ়মূল করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা