ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা আহমদ বখশায়েশ আরদেস্তানি জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছে একটি পেজার ছিল। যা ইসরায়েল জানত। তার ধারণা, রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করতে দখলদার ইসরায়েল হয়ত তার ব্যবহৃত পেজারটিতে বিস্ফোরণ ঘটিয়েছিল।
গত সপ্তাহে লেবাননে একসঙ্গে অনুরূপ প্রায় চার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরায়েল। ফোনের চেয়ে ছোট পেজার যোগাযোগের একটি পুরোনো ডিভাইস। যেটির মাধ্যমে বার্তা আদান-প্রদান করা যায়।
তার ধারণা, আজারবাইজান থেকে রাইসি যখন হেলিকপ্টারে দেশে ফিরছিলেন তখন হয়ত দখলদার ইসরায়েল তার পেজারে বিস্ফোরণ ঘটায়।
গত ১৯ মে আজারবাইজান থেকে ইরানে ফিরছিলেন ইব্রাহিম রাইসি। ওইদিন তাকে বহনকারী হেলিকপ্টারটি একটি দুর্গম অঞ্চলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় রাইসিসহ হেলিকপ্টারের সব আরোহী প্রাণ হারান।
তবে এ মাসের শুরুতে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করে ইরান। এতে বলা হয় খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে।
সূত্র: টাইমস অব ইসরায়েল