বাংলাদেশে আলোচিত নাম ডোনাল্ড লু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে মার্কিন তৎপরতা দেখা গিয়েছিল এই আমেরিকান সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তিনি এখন ভারতের দিল্লিতে। এরপর আসবেন ঢাকায়।
আগামী ১০-১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ঢাকা সফরে লুসহ মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নে কীভাবে বাংলাদেশকে সহায়তা করা যায়, সেটি নিয়ে আলোচনা করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১০-১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন। লু তার সফরে অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা প্রচারে সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।
এছাড়া, লু ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা অ্যাফেয়ার্সের মার্কিন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্স জেডিদিয়া পি. রয়াল এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমকক্ষদের পাশাপাশি অষ্টম ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগের সহ-সভাপতিত্ব করবেন।
লুর ঢাকা সফর নিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় লু মার্কিন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন।
প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন।
মার্কিন প্রতিনিধিদল অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নে কিভাবে বাংলাদেশকে সহায়তা করা যায়, সেটি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।