প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তিতে রিসিভার নিয়োগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৪

বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠি বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তিতে রিসিভার নিয়োগ করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া বেক্সিমকোর প্রতিষ্ঠানগুলো কি পরিমাণ বকেয়া ঋণ আছে, তা বাংলাদেশ ব্যাংকে জানাতে কেনো নির্দেশ দেয়া হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ঋণ পরিশোধে নিয়মবহির্ভূত কি সুবিধা দেয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারি আইনজীবী। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

বেক্সিমকো গ্রুপ হচ্ছে পতিত আওয়ামীলীগ সরকারের সময়ে সবচেয়ে সুবিধাভুগী ব্যবসায়ী গ্রুপগুলোর একটি। এই গ্রুপের কর্ণধার সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে নানা কৌশলে ব্যাংকিং খাত ও পুঁজিবাজার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এবং তার বড় অংশ বিদেশে পাচার করে দেওয়ার অভিযোগ আছে।

বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানি ও একটি বন্ড পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড। আর বন্ডটির নাম- বেক্সিমকো গ্রীন সুকুন আল ইসতিনা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা