যৌথবাহিনীর অপারেশন বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে মাদক নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও এর সঙ্গে সম্পৃক্ত গডফাদারদেরও ধরা হবে বলে জানিয়েছেন তিনি।
উপদেষ্টা বলেন, আজকের সভাটি ছিল আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা। এ সভায় প্রধানত দেশের আইন-শৃঙ্খলা নিয়ে কথা হয়েছে। কীভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায় সেসব নিয়ে কথা হয়েছে। এ ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নেব।
উপদেষ্টা বলেন, মাদক আমাদের বড় সমস্যা। এই মাদক আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আমাদের জন্য খুবই জরুরি। এ কারণে এটা নিয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছি। মাদকের গডফাদারদের আমরা আইনের আওতায় আনার জন্যও কাজ করছি।
তিনি বলেন, মিয়ানমারের সীমান্ত নিয়ে যে সমস্যা সেটা নিতে আলোচনা হয়েছে। আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি সেটা অনগ্রাউন্ড দেখতে পাবেন।