বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের তদন্তের ঘোষণায় ব্যাপক দরপতনের মুখে পরেছে তালিকাভুক্ত ৭ টি কোম্পানির শেয়ার এবং ১ বন্ড। রোববার (০১ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে সংঘটিত বড় কয়েকটি অনিয়মের বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তদন্ত কমিটির অনুসন্ধানের তালিকায় থাকা প্রতিটি কোম্পানির শেয়ার আজ দরপতনের শিকার হয়েছে।
আজ (০২ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার পর্যালোচনায় দেখা গেছে অনুসন্ধানের তালিকায় থাকা সোনালী পেপার, একমি পেস্টিসাইডস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ এবং এমারেল্ড অয়েল দরপতনের শীর্ষ ১০ তালিকায় উঠে এসেছে। যার মাঝে দরপতনের শীর্ষে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
এদিন সোনালী সোনালী পেপারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৭ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
আর শেয়ারদর ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ২৭ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে একমি পেস্টিসাইড লিমিটেড।
কপারটেক ইন্ডাস্ট্রিজের দর কমেছে ৮ দশমিক ৭১ পয়সা বা ২ টাকা ৩০ পয়সা। ফরচুন সুজের দর কমেছে ৮ দশমিক ২৮ শতাংশ বা ২ টাকা ৬০ পয়সা। এমারেল্ড অয়েলের দর কমেছে ৭ দশমিক ৭০ শতাংশ বা ৭ টাকা ৮০ পয়সা।
এছাড়াও অনুসন্ধানের তালিকায় থাকা বেক্সিমকো গ্রীন-সুকুক আল ইসতিসনার দর কমেছে ৭ দশমিক ১৪ শতাংশ বা ৩ টাকা ৫০ পয়সা, বেস্ট হোল্ডিংস লিমিটেডের দর কমেছে ৭ দশমিক ৬৬ শতাংশ বা ২ টাকা, রিং শাইন টেক্সটাইলের শেয়ারের দর কমেছে ৭ দশমিক ৬৯ শতাংশ বা ৪০ পয়সা।
এর আগে রোববার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসির জরুরি কমিশন সভায় তদন্ত সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় তদন্ত পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের টেরা রিসোর্সেস ইন্টারন্যাশনালের এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়া ইউ আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- আর্থিক খাত বিশেষজ্ঞ ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাইদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মোঃ শফিকুর রহমান, ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার মোঃ জিশান হায়দার এবং বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম। কমিশন প্রয়োজন মনে করলে অনুসন্ধান ও তদন্ত কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারে।
উল্লেখ, বিএসইসির এই তদন্ত কমিটিকে প্রথম পর্যায়ের তদন্তের জন্য ৬০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ে তারা বেশ কয়েকটি কোম্পানির আইপিও অনুমোদন, বেক্সিমকো গ্রুপ সংশ্লিষ্ট দুটি বন্ড ইস্যু, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্ট্রাটেজিক পার্টনার মনোনয়ন এবং ওটিসিতে থাকা আল আমিন কেমিক্যাল, কোয়েস্ট বিডি (সাবেক পদ্মা প্রিন্টার্স) ও এমারেল্ড অয়েলের শেয়ার ইস্যু সংক্রান্ত অনিয়ম খতিয়ে দেখবেন।
কমিশন প্রয়োজনবোধে অনুসন্ধান ও তদন্ত কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিশন অনুসন্ধান ও তদন্ত কমিটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।