চিকিৎসকদের ওপর হামলার জেরে শাটডাউন কর্মসূচি শুরু করেছিলেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা। রোববার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এবং ঢামেক পরিচালকের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে এ কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়েছিল।
আন্দোলনকারী চিকিৎসকদের মুখপাত্র ডা. আব্দুল আহাদ বলেন, ঢামেকে যত চিকিৎসক দায়িত্ব পালন করবেন তাদের প্রত্যেকের বিপরীতে তত নিরাপত্তাকর্মী না দেওয়া পর্যন্ত আমরা কাজে ফিরব না। আর আগামী সাত দিনের মধ্যে চিকিৎসক সুরক্ষা আইন না করলে রুটিন ওয়ার্কেও ফিরব না।
এর আগে রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেছিলেন, চিকিৎসকরা জরুরি চিকিৎসাসেবা চালু করবেন। তাদের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা আমরা নিয়েছি। চিকিৎসক মারধরের সঙ্গে যারা জড়িত তাদের আটক বা গ্রেপ্তার করার পরপরই তারা সম্পূর্ণভাবে চিকিৎসাসেবা দেবেন। আপাতত এখন থেকে জরুরি চিকিৎসাসেবা শুরু হচ্ছে।