প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বন্যার্তদের সহায়তা দিবে তুরস্ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. ইউনূসকে অভিনন্দন জানান তিনি।

টেলিফোনে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যাদুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেছেন বলে জানায় প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস উইং। তিনি বলেন, তুরস্ক বন্যাদুর্গতদের মানবিক সহায়তা দেবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ জন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্কের সফরের আমন্ত্রণ জানান। অধ্যাপক ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময় তুরস্ক সফর করবেন।

প্রধান উপদেষ্টাও প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এরদোয়ান আমন্ত্রণ গ্রহণ করেন। এ সময় তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশের সঙ্গে তুরস্কের বাণিজ্য বৃদ্ধির প্রস্তাব দিয়ে মুহম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন। এ মুহূর্তে তুরস্ক বৈশ্বিকভাবে শক্তিশালী। বাসস

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা