প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সচিবালয় ও যমুনার আশেপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৪

আজ (২৬ আগস্ট) সোমবার থেকে বাংলাদেশ সচিবালয় ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

রোববার রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তি বলা হয়, ‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল (২৬ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) এর আশপাশের এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’

উল্লেখ, গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের পতন ঘটে। ওইদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তার দু’দিন পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এর কয়েক দিনের মধ্যে জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের সামনে বিভিন্ন গোষ্ঠি নানা দাবিদাওয়া নিয়ে আন্দোলন করতে থাকে। রোববার (২৫ আগস্ট) সাধারণ আনসাররা তাদের চাকরী জাতীয়করণের দাবিতে বিক্ষোভের এক পর্যায়ে সচিবালয়ে ঢুকে যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের প্রধান দাবি রেস্ট প্রথা বাতিলের আশ্বাস দেওয়ার পরও তারা সচিবালয় ঘেরাও করে রাখে। পরবর্তীতে তারা ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তাদের হামলায় অন্তত ৪০ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ডিএমপি সচিবালয় ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা