প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এবার আনসাররা ঢুকে পড়লেন সচিবালয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৪

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকেছিলেন এবং তারা দাবি আদায় করে বের হয়েছেন। এরপর শুরু হয় সচিবালয়ের সড়ক বন্ধ করে আন্দোলন। তবে আর কেউ জোর করে সচিবালয়ে প্রবেশ করেননি । আজ (২৫ আগস্ট) আবার সচিবালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভকারী আনসারদের একাংশ। দুপুর ১টা ২০ মিনিটের দিকে তারা বিদ্যুৎ ভবনের দিকের ‌সচিবালয়ে তিন নম্বর গেট দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন।

চাকরি জাতীয়করণের দাবিতে দুপুর ১২টার পর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন তারা। অর্ধশতাধিক আনসার ঢুকে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয়। আনসাররা ভেতরে ঢুকে চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন।

সচিবালয়ে ঢুকে পড়া আনসাররা তিন নম্বর গেটের আশেপাশে শান্তিপূর্ণভাবে অবস্থান করে স্লোগান দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তারা বলছেন, হয় আমাদের চাকরি জাতীয়করণ করেন না হয় আমাদের মেরে ফেলেন।

চাকরি জাতীয়করণের দাবিতে গত দুদিন ধরে আন্দোলন করছেন আনসাররা। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি।

দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসাররা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন খাতের বঞ্চিতরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে আসছেন। এজন্য বিভিন্ন সময়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ থাকতে হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা