প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৪

শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।

পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার এড়াতে তিনি সম্বন্ধীর বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনার সঙ্গে সাবেক পাটমন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে হত্যা মামলা করা হয়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় গত বুধবার (২১ আগস্ট) খালা রিনা বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় গাজী গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবরে ছাত্র-জনতার আনন্দ মিছিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকার জনকল্যাণ স্কুলের সামনে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয় রোমান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা