আসমান এবং জমিনে সকল ক্ষমতা ও কর্তৃত্বের মালিক আল্লাহ তায়ালা। পৃথিবীতের মানুষের জীবনের গতিপ্রকৃতিও তিনি নিয়ন্ত্রণ করেন। তাঁর নিয়ন্ত্রণের বাইরে কিছুই নেই। আপাতদৃষ্টিতে অনেককে আমরা ক্ষমতাধর, প্রতাপশালী হিসেবে দেখলেও তিনিই ইচ্ছা করে কাউকে ক্ষমতা দেন, আবার কারো কাছ থেকে কেড়ে নেন।
পবিত্র কোরআনের সূরা আলে ইমরান, আয়াত ২৬ এ আল্লাহ তায়ালা বলেন— ‘বলো, হে সার্বোভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা ইজ্জত দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো।যাবতীয় কল্যাণ তোমার হাতেই। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান।’
সুরা লোকমান আয়াত: ১৮ তে আল্লাহ বলেনঃ অহংকারের বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না। নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ তায়ালা মানুষকে ক্ষমতা বা যেকোনো নিয়ামত দিয়ে পরীক্ষা করেন। সে কীভাবে নিয়ামতের ব্যবহার করছে তার ওপর নির্ভর করে নিয়ামত বাড়িয়ে দেন অথবা কেড়ে নেন।
আলোচনার প্রথম অংশে রাখবো পবিত্র কোরআনে বর্নিত কয়েকজন সেরা দাম্ভীক/ অহংকারী রাষ্ট্রনায়ক ও তাদের পরিনতির কথা।
শুরুতে নমরুদ, পৃথিবীতে দীর্ঘ ৪০০ বছর শাসন করেছিল নমরুদ। সে চরম পর্যায়ের ঔদ্ধত্য প্রদর্শন করেছিল । আল্লাহর সঙ্গে ধৃষ্টতা প্রদর্শন করে সে নিজেকে প্রভু দাবি করার দুঃসাহস সহ আল্লাহকে নিঃশেষ করার জন্য আসমান অভিমুখে যাত্রা করেছিল এই জালিম। অবশেষে আল্লাহ তায়ালা শাস্তিস্বরূপ একটি মশা তার নাকে প্রবেশ করান। মশার অসহ্যকর জ্বালা-যন্ত্রণা থেকে নিজেকে বাঁচাতে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত পর্যন্ত করে; কিন্তু এতেও তার শেষ রক্ষা হয়নি, বরং শাস্তির মাত্রা আরো বহুগুণ বেড়েছে এবং এক পর্যায়ে নিঃশেষ হয়েছে।
সূরা বাকারা, আয়াত : ২৫৮ তে আল্লাহ ইরশাদ করেন, তুমি কি সে ব্যক্তির (নমরূদের) কথা ভেবে দেখনি, যে ইব্রাহীমের সাথে তার প্রতিপালক সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল? যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন। যখন ইব্রাহীম বলল, ‘তিনি আমার প্রতিপালক যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান।’ সে বলল, ‘আমিও জীবন দান করি ও মৃত্যু ঘটাই।’ ইব্রাহীম বলল, ‘নিশ্চয় আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত কর।’ তখন সে (নমরূদ) হতবুদ্ধি হয়ে গেল।আর আল্লাহ এরূপ জালিমদের হিদায়াত করেন না।’
দাম্ভিক কারুন
আল্লাহ তায়ালা কোরআনে যেসব দাম্ভিক ও স্বৈরাচারের কথা বর্ণিত করেছেন তম্মধ্যে একজন কারুন। সূরা কাসাসের আয়াত ৭৬ এ আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই কারূন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত কিন্তু সে তাদের প্রতি ঔদ্ধত্য প্রকাশ করেছিল। আর আমি তাকে দান করেছিলাম এমন ধনভাণ্ডার যার চাবিগুলো বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। স্মরণ করুন, যখন তার সম্প্রদায় তাকে বলেছিল, অহংকার করো না, নিশ্চয় আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না।” একই সুরার ৮১ নম্বর আয়াতে আল্লাহ কারুনের পরিনতি বর্ননায় বলেন, “অতঃপর আমি কারূনকে ও তার প্রাসাদকে মাটিতে ধসিয়ে দিলাম। তার স্বপক্ষে এমন কোন দল ছিল না, যে আল্লাহর শাস্তির বিরুদ্ধে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও আত্মরক্ষায় সক্ষম ছিল না।”
স্বৈরাচার ফিরাউন
বিশ্ববাসীর জন্য আল্লাহ তায়ালা যে স্বৈরশাসকের পরিণতি উপদেশ হিসেবে রেখেছেন তার নাম ফিরাউন। স্বৈরশাসক হিসেবে ফিরাউন এতোটাই ঘৃণা কুড়িয়েছিল যে, এখনও কোনো ব্যক্তি স্বৈরাচার হয়ে উঠলে তাকে ফেরাউনের সঙ্গে তুলনা করা হয়। ফিরাউন মুসা আ.-এর যুগের স্বৈরশাসক। মুসা আ. ও তাঁর সম্প্রদায়ের ওপর ফিরাউনের উদ্ধত আচরণের কথা কোরআনে তুলে ধরেছেন আল্লাহ তায়ালা। নিজ সম্প্রদায়ের ওপর সীমাহীন অত্যাচার ও নিজেকে প্রভু দাবি করেছিল ফেরাউন। ফলে আল্লাহ তায়ালা তাকে এত কঠিন শাস্তি দিলেন যে পৃথিবীর মানুষের জন্য তা বিরাট এক শিক্ষণীয় উদাহরণ হয়ে আছে। কোরআন মাজিদে তার শাস্তির কথা এভাবে তুলে ধরা হয়েছে— “আর ফিরআউন ও তার বাহিনী অন্যায়ভাবে যমীনে অহংকার করেছিল এবং তারা মনে করেছিল যে, তাদেরকে আমাদের নিকট ফিরিয়ে আনা হবে না। অতএব আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করে সমুদ্রে নিক্ষেপ করলাম।সুতরাং দেখ, সীমালংঘনকারীদের পরিণাম কি ছিল!”(সূরা কাসাস, আয়াত : ৩৯-৪০)
কওমে আদ বা আদ জাতিঃ আদ জাতির লোকেরা ছিল উন্নত। নির্মাণশিল্পে তারা ছিল জগতসেরা। তারা সুরম্য অট্টালিকা ও নয়নাভিরাম বাগান তৈরি করত। তাদের তৈরি ইরাম-এর মতো অনিন্দ্য সুন্দর শহর পৃথিবীর আর কোথাও ছিল না। তারা ভাস্কর্য ও অঙ্কন শিল্পে ছিল দক্ষ। জ্ঞান-বিজ্ঞানে তারা যেমন অগ্রসর ছিল, তেমনি সংস্কৃতিতেও অনন্য। আদ জাতির লোকদের সতর্ক করার জন্য আল্লাহ হযরত হুদ (আ.)-কে দুনিয়ায় পাঠালেন। হযরত হুদ (আ.) আদ জাতির লোকদের দাম্ভিকতা পরিত্যাগ করার আহবান জানালেন এবং আল্লাহর ইবাদত করার উপদেশ দিলেন। আল্লাহর আদেশ-নিষেধ মেনে জীবন পরিচালনার কথাও বললেন। হযরত হুদ (আ.) বললেন, ‘তোমরা মজবুত অট্টালিকা বানিয়েছ এ জন্য যে, তোমরা এখানে চিরকাল থাকবে। তোমরা যখন তোমাদের দুর্বলের ওপর জুলুম করো তখন তোমরা স্বৈরশাসকের মতো বর্বর আাচরণ করো। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে মান্য করো। কিন্তু লোকেরা হুদ (আ.)-এর কথা শুনল না, বরং তারা তার কথা প্রত্যাখ্যান করল। তাকে বোকা ও মিথ্যাবাদী বলে গালাগাল দিল। নবীর প্রতি এরূপ অন্যায় আচরণে আল্লাহ অসন্তুষ্ট হলেন। ফলে আদদের এলাকায় দেখা দিল প্রচন্ড খরা। এতে তিন বছর তারা দুর্ভিক্ষের মধ্যে কাটাল। তারপরও তাদের স্বভাব-চরিত্রে কোনো পরিবর্তন হলো না। এবার সেখানে শুরু হলো ভয়ানক ঝড়। এই ঝড় সাত রাত ও আট দিন ধরে চলল। ফলে গোটা আদ এলাকা ধ্বংসস্তুপে পরিণত হলো। আল্লাহ তার রহমতে হযরত হুদ (আ.) ও তার অনুসারীদের রক্ষা করলেন। সুরা আল ফাজরে আল্লাহ সামুদ জাতীর কথা উল্লেখ করে বলেছেন, তাদের উপত্যাকায় পাথর কেটে গৃহ নির্মানের সক্ষমতা ছিল, এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ছিল ফেরাউন , তারা তাদের দেশে সীমালঙ্ঘন করেছিল, অশান্তি বৃদ্ধি করেছিল, এরপর আল্লাহ তাদের উপর শাস্তির কষাঘাত হানিলেন।
আল্লাহ রব্বুল আলামিন এই জালিমদের কথা পবিত্র কোরআনে আলোচনা করেছেন আমাদের হেদায়াতের জন্য, আমরা যাতে বাস্তব বুঝে পথ চলতে পারি, কিন্তু আসলে আমরা কোরআনের শিক্ষা গ্রহন করিনা, ক্ষমতার লোভ, হিংসা, অহংকার আমাদের অন্তর্চক্ষু অকেজো করে দেয়। তা না হলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শোচনীয় পরাজয় হত না।
বিগত কয়েক দশকে বিশ্বে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার পতন ঘটানোর সফল আন্দোলনের অনেক নজির আছে। আর এ তালিকায় সদ্য স্থান পেয়েছে বাংলাদেশের তথাকথিত সাবেক বিশ্বনেতা, শেখ হাসিনার নাম। যিনি বিশ্বনেতা হতে গিয়ে বিশ্বস্বৈরনেতা হয়ে গিয়েছিলেন।
কয়েকটি উদাহরন দেয়া যাক।
আশির দশক। ভয়ানক অর্থনৈতিক সংকটে দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপাইন। তবে সেই ভংগুর অর্থনীতির দিকে নজর না দিয়ে দেশটির প্রেসিডেন্ট মার্কোস ব্যস্ত ছিলেন বিপুল অর্থ ব্যয়ে চিত্রকর্ম সংগ্রহে। জুতা, গাউন ও গহনা সংগ্রহে লাখ লাখ অর্থ ব্যয় করছেন ফার্স্ট লেডি ইমেলদা মার্কোস। মতপ্রকাশের স্বাধীনতা নেই। বিরুদ্ধ মত দমন হচ্ছে অত্যন্ত নিষ্ঠুরভাবে। সরকারি বাহিনী ও মার্কোস অনুগতদের হাতে খুন হয়েছে প্রায় ৩ হাজার মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যমে এরই মধ্যে নিষ্ঠুরতম স্বৈরশাসকের তকমা পেয়ে গেছেন মার্কোস। একপর্যায়ে তার বিরুদ্ধে মাঠে নামে ক্ষুব্ধ ফিলিপিনোরা। আন্দোলন রূপ নেয় গণ-অভ্যুত্থানে। ১৯৮৬ সালের সে গণ-অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে আশ্রয় নেন মার্কোস। তিন বছরের মাথায় নির্বাসনেই মৃত্যু ঘটে ক্ষমতার শোকে বিপর্যস্ত মার্কোসের।
চিলির স্বৈরশাসক অগাস্তো পিনোশের পতন ঘটেছিল গণআন্দোলনের মুখে। সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচকে ক্ষমতা থেকে সরানো হয় সফল আন্দোলনের মাধ্যমে।
আরব বসন্তের সূচনা হয়েছিল তিউনিশিয়ায় স্বৈরশাসক জিনে আল-আবেদিন বেন আলীকে ক্ষমতা থেকে সরানোর মাধ্যমে। তিউনিশিয়ার এই স্বৈরশাসকের বিরুদ্ধে ২০১১ সালে ব্যাপক গণ-অভ্যুত্থান শুরু হয়, যা জেসমিন বিপ্লব নামে পরিচিত। সে বিপ্লবের একপর্যায়ে বেন আলির ২৩ বছরের মসনদ হাতছাড়া হয়। ক্ষমতাচ্যুত হয়ে সপরিবারে সৌদি আরবে পালিয়ে যান বেন আলি। এরপর আর দেশে ফিরতে পারেননি তিনি। সৌদি আরবে নির্বাসিত জীবনযাপন করেন। ৮৩ বছর বয়সে ২০১৯ সালে সেখানেই মৃত্যু হয় তার।
কয়েক বছর আগে এরকম আরেকটি সফল বিপ্লবের উদাহারণ হচ্ছে সুদান। সেখানে আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে হয়েছে ওমর আল-বশিরকে। একইভাবে আলজেরিয়ায় ক্ষমতা ছাড়তে হয়েছে আবদেল আজিজ বুতেফ্লিকাকে।
স্বৈরশাসক ইভো মোরালেস। বলিভিয়ার প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে উঠে আসা প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার কিছু সংস্কার বেশ জনপ্রিয়তাও পেয়েছিল। কিন্তু যেনতেন উপায়ে ক্ষমতা ধরে রাখার প্রয়াস তাকে একপর্যায়ে জনগণের সামনে উপস্থাপন করে স্বৈরশাসক হিসেবে। টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার পর ২০১৯ সালে নির্বাচনে কারচুপির অভিযোগে বিক্ষোভ শুরু হয়। গণরোষের মুখে পদত্যাগ করে মেক্সিকো পালিয়ে যান তিনি। পরে দেশে ফিরলেও রাজনীতিতে আর সুবিধা করে উঠতে পারেননি তিনি।
একই ভাবে চিলির স্বৈরশাসক অগাস্তো পিনোশ ক্ষমতা হারানোর পর লন্ডনে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু ১৯৯৮ সালের ১০ অক্টোবর স্প্যানিশ একটি আদালতের পরোয়ানার ভিত্তিতে লন্ডন পুলিশ তাকে গ্রেফতার করে। আইনি লড়াই চালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার। তাকে নিজ দেশে ফেরত পাঠায় ব্রিটিশ সরকার। দেশে ফেরার পর তার বিরুদ্ধে হত্যা, গুম, নির্যাতনের সুনির্দিষ্ট ঘটনায় দায়ের করা হয় মামলা। সেই মামলায় দায় নিয়েই ৯১ বছর বয়সে পিনোশে যখন মারা যান তখনো তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ৩০০ ফৌজদারি অপরাধের মামলা চলছিল।
আমাদের দক্ষিন এশিয়ার সার্কভুক্ত দেশের কথা আলোচনা করতে গেলে প্রথমেই দেখতে পাই, এক করুণ পরিণতি হওয়া পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফের নাম। এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে ক্ষমতা দখল করেছিলেন জেনারেল মোশাররফ। এরপর প্রশ্নবিদ্ধ এক ভোট গ্রহণের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ২০০১ সালে। এর পুনরাবৃত্তি ঘটে ২০০৪ সালের নির্বাচনেও। বিপত্তিতে পড়েন সংবিধান স্থগিত করে নিজের শাসনকালকে দীর্ঘায়িত করা নিয়ে। ২০০৭ সালের শেষ দিকে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। পাকিস্তানজুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। জাতীয় নির্বাচন স্থগিত করে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন পারভেজ মোশাররফ। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। গণরোষের মুখে পড়তে হয় তাকে। এরপর ২০০৮ সালে নির্বাচনে তার দলের শোচনীয় পরাজয় ঘটে। এমন পরিস্থিতিতে পার্লামেন্টে অভিশংসনের মুখে পড়েন পারভেজ মোশাররফ। এ অবস্থায় পদত্যাগ করে পাকিস্তান থেকে পালিয়ে গিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেন তিনি। এরপর নানা প্রয়াসের পরও দেশে ফেরা বা রাজনীতিতে পুনর্বাসন কোনোটিই নিশ্চিত করতে পারেননি তিনি। এদেশ-ওদেশ ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত গত বছর ২০২৩ সালে দুবাইয়ের এক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
মাত্র কয়েকবছর আগে আমাদের পার্শবর্তী আরেক দেশ, শ্রীলঙ্কায় ঘটে যায় এক অভিনব আন্দোলন। যে আন্দোলনে আপামর জনতাকে এতোটাই ক্রোধান্বিত দেখা যায় যে, যেখানেই জনপ্রতিনিধিদের দেখা গেছে সেখানেই তাদেরকে লেংটা করে পেটানো হয়েছে। ২০২২ সালে শ্রীলংকা দেউলিয়া হয়ে পড়ার কিছুদিনের মধ্যেই জনরোষের মুখে পড়ে ক্ষমতা ছেড়ে পালিয়ে সেনাবাহিনীর কাছে আশ্রয় নেন মাহিন্দা রাজাপাকসে। জুলাইয়ে গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগ করে প্রথমে মালদ্বীপে, পরে সিঙ্গাপুরে পাড়ি জমান।এর প্রায় দেড় মাস পর ‘বিশেষ নিরাপত্তা’ নিয়ে তিনি ফেরত আসেন নিজ দেশে। যদিও এখনো রাজনীতিতে ফিরতে পারেননি গোতাবায়া রাজাপাকসে।
আফগানিস্তানের ২০১৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেন আশরাফ গানি। তবে ২০২১ সালের ২১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সৈন্যদের শেষ দলটি আফগানিস্তান ছেড়ে যাওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন। এর সঙ্গে সঙ্গেই একের পর এক শহর দখলের অভিযান শুরু করে দেয় তালেবানরা। এরই ধারাবাহিকতায় কাবুলেও অভিযান চালায়। তালেবানদের প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি চলে আসার খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যেই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে হয় আশরাফ গানিকে। কিন্তু দেশ পালানো শাসকদের মধ্যে তার অবস্থাটি ছিল ভিন্ন। তিনি খালি হাতে দেশত্যাগ করেননি। বরং চারটি গাড়ি ও হেলিকপ্টারে ভরে নগদ অর্থ নিয়ে ওমান হয়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যান। ২০২১ সাল থেকে সেখানেই মানবিক আশ্রয়ে আছেন এ নেতা। নিজ দেশ ও রাজনীতি কোনোটিতেই ফেরা হয়নি আফগান এ নেতার। এক্ষেত্রে অনেকে ব্যতিক্রম মনে করছেন এই তালিকায় সদ্য যুক্ত হওয়া শেখ হাসিনাকে। কারন শেখ হাসিনা অনেকটা এক কাপড়ে বিমানবাহিনীর একটা কার্গো টাইপ বিমানে করে দেশ ছেড়েছেন। কিন্তু আসল ব্যাপারটা ভিন্ন। শেখ হাসিনা ও তার দোশররা আগেই দেশের সম্পদ্গুলো জয় বাংলা করে দিয়েছেন। ধাপে ধাপে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, সামিট গ্রুপ, এস আলম গ্রুপ, বেক্সিমকো সহ বিভিন্ন কোম্পানীর মাধ্যমে বিদেশে অর্থ পাচার, দলীয় তকমা লাগানো সরকারী কর্মকর্তাদের কানাডার বেগমপাড়ায় সম্পদের পাহাড়, দলীয় প্রায় সকল নেতাদের বিপুল সম্পদ সহ এমন বহু ঘটনা গনমাধ্যমে এসেছে, আর যা আড়ালে রয়েছে তার পরিমান তো আরো প্রায় ৯৮% বেশি। সেক্ষেত্রে শেখ হাসিনা ও তার দোসররা ব্যতিক্রমই বলা চলে।
স্বাধীন বাংলাদেশে যত গনআন্দোলন হয়েছে, এরশাদকে উৎখাত ছিল তার অন্যতম। সেই সেনা-স্বৈরশাসক এরশাদও ক্ষমতা হারানোর মুখে দেশ ছাড়েননি। তাকে জেলে পাঠানো হয়েছিল। দীর্ঘ কারাবাসের পর ফের মূল ধারার রাজনীতিতে শামিল হয়েছিলেন প্রাক্তন এই সেনা শাসক। তবে স্বৈরশাসক এরশাদের সাথে শেখ হাসিনার তফাৎ হলো শেখ হাসিনা দম্ভের সাথে “শেখ হাসিনা পালায়না” বলেও ভারতে পালিয়ে যান।
জন আন্দোলনের মুখোমুখি হতে হয় বাংলাদেশের সবথেকে বড় দল বিএনপি চেয়ারপার্সোন খালেদা জিয়াকেও। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয়। যা পরবর্তীতে ৯৬ এর একদলীয় নির্বাচন হিসেবে গণ্য হয়। সকল বিরোধীদলের আপত্তির পর ও খালেদা জিয়া ও তার দল এই একক নির্বাচন করেন। আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বয়কট করে। এই সংসদ মাত্র ১৫ দিন স্থায়ী হয়। খালেদা জিয়া এই সংসদের ও প্রধানমন্ত্রী ছিলেন। প্রবল গণ আন্দোলন ও বর্হিবিশ্বের চাপে ষষ্ঠ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস হয় এবং খালেদা জিয়া পদত্যাগ করেন। কিন্তু দেশ ছাড়েননি। এমনকি, ২০০৮ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সর্বোচ্চ রাজনৈতিক চাপেও দেশ ছাড়েননি তিনি। সেদিক থেকে একমাত্র ব্যতিক্রম মুজিব কন্যা শেখ হাসিনা। নিজ দেশ থেকে কয়েক ঘণ্টার নোটিসে পালাতে হল তাঁকে।
একটু সংক্ষেপে যদি শেখ হাসিনার পতন নিয়ে আলোচনা করি তাহলে বলা যায়, অহংকারের চুড়ায় পৌছে যাওয়া শেখ হাসিনা একটার পর একটা হিংস্র /সহিংস/অমানবিক সিদ্ধান্ত নিয়ে গেছেন। সর্বশেষ ২০২৪ সালে শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার দাবি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি ‘রাজাকার’ শব্দও ব্যবহার করতে দ্বিধাবোধ করেননি । । এরপর শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন, আন্দোলন আরও জোড়ালো হয়। সেই আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে শক্তি প্রয়োগ করায় গত ১৭ জুলাই থেকে কয়েক দিনে সারা দেশে শতশত প্রাণহানি ঘটে। এরপর সেনাবাহিনী নামিয়ে কারফিউ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবে শিক্ষার্থীরা শেখ হাসিনার দাম্ভীকতার বিপক্ষে দফায় দফায় তাদের দাবী বাড়িয়ে তোলেন, একপর্যায়ে আন্দোলনকারীরা সব দাবির সারাংশে আসেন, ছোট করে বা সহজ করে দেন শেখ হাসিনার জন্য তাদের দাবী, যা দফা এক দাবী এক, শেখ হাসিনার পদত্যাগ নামে রুপ নেয়।
পরাজয় নিশ্চিত জেনেও হাসিনা তার পালিত সকল বাহিনী দিয়ে সহিংসতা আরো জোড়দার করার হুকুম দেয়, কিন্তু সেনাবাহিনী আগে থেকেই গুলি না চালানোর সিদ্ধান্তে থাকে, পুলিশ তাদের অপারগতার কথা স্বীকার করে।
বিপুলসংখ্যক প্রাণহানি ঘটিয়েও কোনো অর্জন ছিল না এ স্বৈরশাসকের। এক পর্যায়ে দলের সবাইকে বিপদে ফেলে একা তার বোনকে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা।
আমাদের স্মরণকালের মধ্যেই ঘটেছে এসব সফল গণআন্দোলন। আর এই আন্দোলনের পথ ধরে দেশে দেশে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটেছে।
গত কয়েক দশকে এমন গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো স্বৈরশাসকগনের বেশির ভাগই দেশে ফিরতে পারেননি। আমৃত্যু নির্বাসিত জীবন যাপন করছেন। আর হাতেগোনা যে কয়জন দেশে ফিরতে পেরেছেন, তাদের কেউই রাজনীতিতে নিজেকে পুনর্বাসন করতে পারেননি।
দেখা যাক কি আছে আমাদের শেখ হাসিনার ভাগ্যে। এখন পর্যন্ত শেখ হাসিনা সম্পর্কে যা জানা যাচ্ছে তা তার ছেলে জয়ের মাধ্যমে,কিন্তু জয় একেকসময় একেক রকম কথা বলে যাচ্ছেন, জয় প্রথমে জানিয়েছিলেন, শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না, মাঝে বললেন শেখ হাসিনা পদত্যাগ করেননি। আবার নিজেদের পাপ স্বীকার করে বিএনপিকে ম্যানেজ করতে চেস্টা করছেন। রাজনীতিতে যেহেতু শেষ বলে কিছু নেই, সেহেতু শেখ হাসিনার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে যে তিনি রাজনীতির নোংরা খেলায় আর কিকি ভুমিকা রাখতে চান তা দেখতে। তবে, শেখ হাসিনার যদি নুন্যতম আত্নসম্মানবোধ থেকে থাকে তাহলে তার আর বাংলাদেশের রাজনীতিতে ফেরা একেবারেই অনুচিত। তিনি ভারতের অর্থনীতিতে এবং ভারতের জনগনের চাহিদা মেটাতে বাংলাদেশটাকে যেভাবে উজার করে দিয়েছেন তাতে তিনি ভারতের রাজনীতিতে একটা শক্ত অবস্থান পাওয়ার দাবীদার। বাংলাদেশের আওয়ামীলীগের যা ছিটেফোটা আছে তা অন্যরা চালানোর দায়িত্ব নিতে পারেন। বা চাইলে তার ছেলে সজিব ওয়াজেদ জয়ও করতে পারেন।
-সাজিদুর রহমান, রাজনীতি বিশ্লেষক।
[মতামত কলামে প্রকাশিত লেখা লেখকের একান্ত নিজস্ব। দৈনিক স্বদেশ বাংলার সম্পাদকীয় নীতির সাথে তা নাও মিলতে পারে।]