বাংলাদেশের ক্রিকেটে যার নামটি ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয় তিনি মুশফিকুর রহিম। জটিল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে লক্ষ্য স্থির রেখেেএগিয়ে যাওয়ার চেষ্টা থাকে বলে দর্শকদের কাছে মিঃ কুলম্যান হিসেবে তার একটি পরিচিতি রয়েছে। এবার গড়লেন নতুন কীর্তি। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে কীর্তিটি এতদিন ছিল কেবল তামিম ইকবালের দখলে। এবার ছুঁলেন মুশফিকুর রহিমও। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন উইকেটকিপার এই ব্যাটার।
সাদমান-মুমিনুলের পর মুশফিক লিটনের জুটিতে ব্যাটে ভর করে পাকিস্তানকে পাল্টা জবাব দিচ্ছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৩০৭ রান। এখনো পিছিয়ে আছে ১৪০ রানে।
নাসিম শাহর অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন জাকির। দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করেন রিজওয়ান। ৫৮ বলে ১২ রান করেছেন জাকির। বড় স্কোর গড়তে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তার ব্যাটে রানখরা যেন কাটছেই না।
সাদমানের আন্তর্জাতিক ক্যারিয়ার বলতে শুধুই টেস্ট। এই সংস্করণে সবশেষ ম্যাচ খেলেন ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে। খারাপ ফর্মে কেটে গেছে অনেক বেলা। দুই বছর খেলতে নেমে দারুণ প্রত্যাবর্তন। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি হাঁকালেন। সেঞ্চুরির আশা জাগিয়েও ফিরে গেছেন।
মোহাম্মদ আলীর ভেতরের দিকে আসা বল ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি ঠিকঠাক। ১৮৩ বল খেলে ৯৩ রান করেছেন সাদমান। মুশফিককে নিয়ে ৪র্থ উইকেট জুটিতে ৫২ রানে দিয়েছেন নেতৃত্ব। সাদমানের বিদায়ের পর সাকিব নেমে টিকতে পারলেন না। অনিয়মিত বোলার সাইম আইয়ুবের ওভারের প্রথম বলে চার মারার পর চতুর্থ বলে ড্রাইভ করেছিলেন তিনি। কিন্তু এক্সট্রা কাভারে শান মাসুদের হাতে ধরা পড়েন। সাইমকে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটটা উপহার দেন সাকিব। অযথা শট খেলে ১৬ বলে ১৫ রান করে আউট হন।
পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ষষ্ঠ উইকেট জুটিতে মুশফিকের সঙ্গে দলের হাল ধরেন লিটন। মুশফিকের পর ফিফটি তুলে নিয়েছেন লিটনও। এ নিয়ে চার ব্যাটার অর্ধশতকের দেখা পেলেন।