প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৪

আকষ্মিক বন্যায় দেশের আট জেলা বন্যার পানিতে ডুবে আছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ফেনী। ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ ডুবে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পাহাড় ধ্বসে রেল লাইনের উপড় পড়ায় বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম জানান, বন্যার পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ ডুবে যাওয়ায় দুপুর সাড়ে ১২টা থেকে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

রেলওয়ের কন্ট্রোল বিভাগ জানায়, ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। সিলেট রুটের কয়েকটি জায়গায় পানি উঠেছে। কুমিল্লায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে। কক্সবাজার রুটের ওপর পাহাড় ধসে পড়েছে। এসব কারণে বৃহস্পতিবার দুপুরের পর থেকে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তঃনগরসহ সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে প্রতিদিন ১১টি আন্তনগর ট্রেন চলাচল করে। এ ছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা ও ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা