চাঁদপুর পৌরসভা সংশ্লিষ্ট তরপুরচন্ডি ও বাগাদী ইউনিয়নকে সংযুক্তকারী চাঁদপুর সেতুর টোল প্রতাহারের দাবি জানিয়েছে চাঁদপুরের বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এলক্ষ্যে গাছতলা ব্রিজ (চাঁদপুর সেতু)’র চলমান টোল প্রত্যাহার ও স্থায়ীভাবে ইজার বাতিলের দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি চাঁদপুরের জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে আজ।
চাঁদপুর সড়ক বিভাগাধীন কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষীপুর-বেগমগঞ্জ সড়কের ৬৯ কিলোমিটারে অবস্থিত চাঁদপুর সেতু প্রায় দুই দশক আগে চাঁদপুর সদর উপজেলায় গাছতলা এলাকায় ডাকাতিয়া নদীর উপরে ১৮ কোটি ১২ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়। এযাবৎকাল পর্যন্ত নির্মাণ ব্যয় অধিক পরিমান রাজস্ব আয় করে সরকার। কিন্তু টোল আদায় স্থায়ীভাবে বন্ধ করার কোনও প্রয়াস দেখা যাচ্ছে না।
ফলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা চাঁদপুর জেলায় দীর্ঘদিনের চাঁদপুরের গণমানুষের দাবির পরিপ্রেক্ষিতে “চাঁদপুর সেতুর” চলমান টোল আদায় এবং ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানায়।
চাঁদপুরের জেলা প্রশাসনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ। তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পৌঁছে দিবেন বলে জানান। জেলা প্রশাসন ছাড়াও পুলিশ সুপার এবং সড়ক ও জনপথ অধিদপ্তরে স্মারকলিপি পৌঁছে দেন ছাত্র-জনতা।