প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাশেদ মাকসুদ বিএসইসি’র নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৪

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদ যোগদান করেছেন। সোমবার (১৯ আগস্ট) বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের অনুমোদনক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল (১৮ আগস্ট) জারিকৃত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা-৫ অনুসারে খন্দকার রাশেদ মাকসুদকে চার বছর মেয়াদের জন্য বিএসইসি এর চেয়ারমান হিসেবে নিয়োগ দেয়া হয়।

খন্দকার রাশেদ মাকসুদ এর তিন দশকেরও বেশি সময় ধরে দেশে-বিদেশে ব্যাংকখাতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি বিশ্বের শীর্ষস্থানীয় বহুজাতিক ব্যাংক সিটি ব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি সিটি ব্যাংক এনএ ইন্দোনেশিয়াতে ২০০৮-২০১০ সময়কালে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স

করপোরেশন (আইএফসি)-তে স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশের পুঁজিবাজার ও অর্থনীতির প্রবৃদ্ধি আরো তরান্বিত হবে এবং বিনিয়োগকারীরা একটি স্বচ্ছ, গতিশীল ও উন্নত পুঁজিবাজার পাবেন বলে আশা করা যায়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা