প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৮ জন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাস চালক। 

সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে রাত ৩টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং মাইক্রোবাসে থাকা আট যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি আরও বলেন, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে সলঙ্গা থানায় আনা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে নিহতদের নাম-পরিচয় পুলিশ নিশ্চিত করতে না পারলেও সূত্রে জানা গেছে, নিহতরা একই পরিবারের চারজন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা