কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। এতে গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) পর্যন্ত সারাদেশে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার। এর মধ্যে বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ২২২ জন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-সহিংসতার পর এ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোথাও কোথাও ব্লক রেড দিয়ে অভিযান চালায় পুলিশ।
ডিএমপি জানায়, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকায় ৩ হাজার ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অপরদিকে রাজধানীর আশপাশে ঢাকা জেলার ধামরাই, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার থানায় গতকাল পর্যন্ত মামলা হয়েছে ২৬টি। এসব মামলায় ৮ জনসহ এসব থানার অধীনে গ্রেপ্তার হন ২৮৭ জন।
গাজীপুরে গ্রেপ্তার হন মোট ৫১০ জন। তার মধ্যে গতকাল গ্রেপ্তার হন ১০ জন। এদিকে নারায়ণগঞ্জে ৫ জন গ্রেপ্তার হন। এ নিয়ে মোট ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জে।
চট্টগ্রাম মহানগরে গত বুধবার রাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মহানগর ও জেলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৯৮৯ জনে। এ অঞ্চলে ৩৪ মামলায় আসামি করা হয়েছে ৩৮ হাজার ২০০ জনকে।