প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কোটা সংস্কার আন্দোলন: অর্থনীতিতে দুর্দশার ক্যান্সার

বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৪

দুই বছরের বেশি সময় অস্থিতিশীল থাকার পর ডলারের বিনিময় হার কিছুটা স্থিতিশীল হয়ে এসেছিল। কিছুটা স্থিতিশীলতা এসেছিল বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত-সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। বিশ্বের প্রভাবশালী সব সংবাদমাধ্যমে এক সপ্তাহ ধরে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরা হচ্ছে। ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেয়াসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। এতে বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে যে ধারণা তৈরি হয়েছে, সেটি কাটিয়ে উঠতেও অনেক সময় লাগবে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে দেশ থেকে অর্থ পাচার বেড়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।

তথ্য সংশোধন করে গত মাসে দেশের রফতানি আয়ের পরিসংখ্যান থেকে ১ হাজার ৪২০ কোটি বা ১৪ দশমিক ২০ বিলিয়ন ডলার বাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে প্রবৃদ্ধির ধারায় থাকা রফতানি খাত হঠাৎ করেই ঋণাত্মক ধারায় চলে গেছে। দেশে বিদেশী বিনিয়োগ ও ঋণ বা সহায়তার পরিস্থিতিও সন্তোষজনক নয়। ইতিবাচক ধারায় ছিল কেবল প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে সেটিও বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে। এতে দেশের ক্ষয়িষ্ণু রিজার্ভ আরো বেশি ভঙ্গুর হওয়ার ঝুঁকিতে পড়ছে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘বিশ্বব্যাংক ও আইএমএফের সর্বশেষ প্রকাশনায় বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন সূচকের বিষয়ে যেসব পূর্বাভাস দেয়া হয়েছে তার মধ্যে একটি মৌলিক বিষয় ছিল যে রাজনৈতিক স্থিতিশীলতা, যাতে বড় ধরনের কোনো ব্যাঘাত এখানে না ঘটে। কিন্তু গত দুই সপ্তাহ একপ্রকার লকডাউনের মধ্য দিয়ে গেছে দেশের অর্থনীতি। এখনো একটা ভার্চুয়াল লকডাউন চলছে। কভিডের সময় বাইরে বের হতে না পারলেও ডিজিটাল মাধ্যমে বাসায় বসেও অনেক কিছু করা সম্ভব হয়েছে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে ব্যবসায়ীরা একটা ই-মেইল পর্যন্ত বিদেশী ক্রেতাদের পাঠাতে পারছিলেন না। অনেক ছোট স্টার্টআপ ও ফ্রিল্যান্সার যাদের তথ্যপ্রযুক্তির ওপর নির্ভরশীলতা, তারা একেবারেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। ইন্টারনেট না থাকার প্রভাব সব খাতের ওপরই পড়েছে। এ ধরনের পরিস্থিতিতে অর্থনীতি নিয়ে পূর্বাভাস দিতে হলে আগে আপনাকে নিশ্চিত করতে হবে যে স্বাভাবিক অবস্থা কবে ফিরছে। স্বাভাবিক পরিস্থিতি বলতে আমরা যেটা বুঝি যে কারফিউ থাকবে না, রাস্তায় পুলিশ থাকলেও সেনাবাহিনী থাকবে না। শিক্ষাপ্রতিষ্ঠান যদি বন্ধ থাকে, তাহলেও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে বলা যাবে না। এ মুহূর্তে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাটাই মূল চ্যালেঞ্জ। আর্থিক খাতের দুর্দশা, বৈদেশিক মুদ্রার স্বল্পতা, উচ্চ মূল্যস্ফীতির মতো বড় বিষফোঁড়া আমাদের অর্থনীতিতে গত দুই-তিন বছর ক্যান্সারের মত অবস্থা সৃষ্টি করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা