বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এছাড়া সাধারণ মানুষের জন্য দূতাবাস বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে তারা। পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় ভিসা সেন্টারও।
বুধবার (১৭ জুলাই) মার্কিন দূতাবাস ও বাংলাদেশে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইটে এক সতর্ক বার্তায় এসব ঘোষণা দেওয়া হয়।
গতকাল বুধবার এক বিবৃতিতে, দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এছাড়া সতর্কবার্তায় বৃহস্পতিবার (১৮ জুলাই) দূতাবাস বন্ধ রাখার পাশাপাশি কর্মকর্তাদের কূটনৈতিক এলাকাগুলোর মধ্যে চলাচল সীমিত রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইটে একটি নোটিসে বলা হয়েছে, উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতির কারণে ১৮ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশে সকল ধরনের ভিসা পরিষেবা বন্ধ থাকবে।
নোটিসে আরও বলা হয়, পরবর্তীতে কবে ভিসা পরিষেবা চালু করা হবে সেটি এসএমএসের মাধ্যমে জানানো হবে।