শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে ইউজিসি গতকাল রাতেই দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের কথা জানিয়েছিল। তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান তাই সিদ্ধান্ত নিতে সিন্ডিকেটের অনমোদন লাগে। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একইসঙ্গে বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার।
এরইমধ্যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে হল কর্তৃপক্ষ। ছাত্র রাজনীতি আর থাকবে না- এই মর্মে লেখা ভিন্ন ভিন্ন বিবৃতিতে স্বাক্ষর করেছেন হলের প্রভোস্টরা। মধ্যরাত থেকে এ ঘোষণা দেওয়া শুরু হয়েছে।