প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁদপুরে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪

সারাদেশের ন্যায় চাঁদপুরেরও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬-জুলাই) দুপুরে চাঁদপুর শহরের অঙ্গীকারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাস স্ট্যান্ড এলাকায় গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে বাধা দেয়।

এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। দুপাশ থেকে নিক্ষেপ করা হয় ইটপাটকেল। এতে আহত হয় অন্তত ১০জন। শহরে তিন ঘন্টা তীব্র যানজটের সৃষ্টি হয়।

অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের মারধর করে। তাদের দাবি হামলায় অন্তত ১০-১৫ শিক্ষার্থী আহত হয়েছে।

এদিকে চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, হাসান আলী মাঠে মিছিল বের করলে তাদের মিছিলে বাধা প্রদান করে ছাত্রলীগ।

এ সময়ে তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

একইদিন বিকালে জেলার হাজীগঞ্জ বাজারে দু’ দফা পাল্টা বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

প্রথমেই জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক মাহিম আহমেদ প্রান্তের যৌথ নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়।

পরে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির নেতৃত্বে কোটা বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা