প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বর্ষায় বৃক্ষরোপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৪

পরিবেশের ভারসম্য রক্ষায় একটি দেশের মোট আয়তনের ন্যূনতম ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশ বিদ্যমান বনাঞ্চলের হার হচ্ছে ১৮.০৫ ভাগ। বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের পর থেকেই পরিবেশ দূষণ শুরু হয়েছে। পরিবেশ দূষিত হতে হতে বর্তমানে পৃথিবীর সব মানুষের বসবাসের অনুপোযোগী হতে চলেছে। জনসংখ্যার চাহিদার তুলনায় বনভূমির পরিমাণ খুবই কমে যাচ্ছে। তথ্যমতে, দেশে মোট বনভূমির পরিমাণ শতকরা ১৭ ভাগ হলেও প্রকৃতপক্ষে বৃক্ষাচ্ছাদিত বনভূমির পরিমাণ শতকরা ৭-৮ ভাগের বেশি হবে না। উত্তর অঞ্চলে বনভূমির পরিমাণ আরো কম, শতকরা ৩.৫ ভাগে নেমে এসেছে। প্রয়োজনীয় বনভূমি না থাকায় মরুকরণ শুরু হয়েছে। এ মরুকরণ প্রক্রিয়া ঠেকাতে প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করতে হবে। বন ছাড়া জীববৈচিত্র্য তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। জীববৈচিত্র্য সংরক্ষণে ২৫ ভাগ বনভূমি থাকলে উদ্ভিদ ও প্রাণী তার ভারসাম্য রক্ষা করতে পারে। এ ক্ষেত্রে বনায়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

গাছপালা, সবুজ শ্যামলে ভরা প্রকৃতির অপরূপ রূপে সজ্জিত আমাদের বাংলাদেশ। চারদিকে শুধু সবুজ আর সবুজ। কিন্তু সেই অপরূপ সবুজের সমারোহ দিন দিন হারিয়ে যাচ্ছে। কয়েক দশক ধরে নির্বিচারে বনাঞ্চল কেটে উজাড় করা হচ্ছে। কখনো ব্যক্তিস্বার্থে, কখনো প্রকল্প বাস্তবায়নে, আবার কখনো ইটভাটার জ্বালানি হিসেবে গাছ কাটা হচ্ছে। প্রতি বছর যে পরিমাণ গাছ কাটা হয় সে তুলনায় গাছ লাগানো হয় কম। এর ফলে গাছের সংখ্যা কমে যাচ্ছে। যানবাহন, কলকারখানা, প্রজ্বলিত আগুন, মানুষের শ্বাস-প্রশ্বাস থেকে নির্গত কার্বন-ডাই অক্সাইড প্রতিদিন পরিবেশ দূষিত করছে। গাছ বাতাস থেকে কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন প্যাক করে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। এতে পরিবেশ সুস্থ ও নির্মল থাকে। আর এ অক্সিজেন মানুষের বেঁচে থাকার জন্য খুবই জরুরি। যেহেতু গাছ কাটার তুলনায় নতুন গাছ লাগানো হচ্ছে কম। এতে বাতাসে কার্বন-ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। এ কারণে পরিবেশ উষ্ণ হচ্ছে আর জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব ফেলছে। এর ফলে অসময় দেশে অনাবৃষ্টি, খরা, অতিবৃষ্টি, প্রচ- তাপদহ, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগ ঘটে চলেছে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। একমাত্র বৃক্ষই প্রাকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে পারে।

পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বর্ষাকালে বৃক্ষের চারা রোপণের উপযুক্ত সময়। এ সময় প্রচুর বৃষ্টি হয় এবং উর্বরা শক্তিবৃদ্ধি পায়। চারা শিকড় দ্রুত মাটিতে ছড়িয়ে পড়ে এবং খাবার তৈরিতে সক্ষম হয়। এজন্য গাছের চারা মরে যাওয়ার পরিমাণও কম থাকে। বর্ষাকালে হুমকি বনজ ও ফলদ বৃক্ষরোপণ করলেই চলবে না। একই সঙ্গে ভেষজ গাছের চারা রোপণ করাও প্রয়োজন। ওষুধ তৈরির জন্য ভেষজ গাছের চাহিদা প্রচুর। এসব ভেষজ গাছ খুবই মূল্যবান। বনজ ও ফলদ বৃক্ষের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বাণিজিক ভিত্তিতে ভেষজ গাছ লাগিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছে।

পরিবেশের ভারসম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে প্রয়োজনের তুলনায় মোট বনভূমির পরিমাণ খুব কম। পরিবেশ সুরক্ষায় প্রয়োজনের তুলনায় বৃক্ষ রোপণ ও সংরক্ষণ করা হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় বৃক্ষ রোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। বৃক্ষ সম্পদ বৃদ্ধি, সুস্থ ও নির্মল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দেশে জাতীয়ভাবে বৃক্ষ রোপণ ও সংরক্ষণের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ব্যক্তিস্বার্থে, জাতীয় স্বার্থে এবং আমাদের অস্তিত্ব রক্ষায় সুস্থ, সুন্দর পরিবেশ পেতে দেশের প্রতিটি নাগরিককে বৃক্ষ রোপণ ও সংরক্ষণের দায়িত্ব নিতে হবে। তাহলে আমরা বসবাসের জন্য সুন্দর, সুস্থ ও নির্মল পরিবেশ ফিরে পাব।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা