প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৩১ রোহিঙ্গা, ২ সেনা নিয়ে মায়ানমারের নৌকা সেন্টমার্টিনে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪

আজ (শুক্রবার) আবারও মিয়ানমার থেকে ৩১ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করল। সাথে এল ২ সেনা। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার পরিবর্তে উল্টো তাদের বাংলাদেশে অনুপ্রবেশ শঙ্কায় ফেলেছে সবাইকে। যদিও আগের অনুপ্রবেশ ছিল জান্তা বাহিনীর অত্যাচারে। আর এখন রাখাইন রাজ্যের মংডুতে নতুন করে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধের তীব্রতা বাড়ায় রোহিঙ্গারা আসছে। এমন পরিস্থিতিতে আজ শুক্রবার (৫ জুলাই) ভোরে ৩৩ জন যাত্রীবোঝাই একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপে ভিড়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, টানা কয়েক দিন ধরে মংডুর সংঘর্ষে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। তার মধ্যে ভারী বৃষ্টিও হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে আজ ভোরে ৩৩ জন যাত্রীবোঝাই একটি ট্রলার মংডু থেকে সেন্টমার্টিন দ্বীপে ভিড়েছে। ট্রলারে যাত্রীদের মধ্যে রয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সশস্ত্র সদস্য ও ৩১ জন রোহিঙ্গা। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ৩৩ জন রোহিঙ্গা সেন্টমার্টিনে ভিড়েছে শুনেছি। বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদীতে অবস্থান জোরদার করেছে বিজিবি ও কোস্ট গার্ড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা