প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ছাত্র-শিক্ষক সবাই আন্দোলনে, স্থবির উচ্চশিক্ষা কার্যক্রম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪

গত ১ জুলাই থেকে কর্মবিরতী পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ। সরকারের পেনশন স্কিম প্রত্যয় নিয়ে তাদের আপত্তি। সেজন্য ক্লাশ-পরীক্ষা বন্ধ রয়েছে। অন্যদিকে  আপিল বিভাগে কোটা বাতিলের রায় বহাল রাখার আদেশ দেয়ার পর বিক্ষুব্দ হয়ে পড়েছেন ছাত্ররা। কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে সারাদেশে। কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, কোটা আন্দোলনের মধ্যে আগুনে ঘি ঢেলেছে বৃহস্পতিবার (৪ জুলাই) আপিল বিভাগ থেকে কোটা বহাল  রাখার আদেশে। ফলে সহসায় এ আন্দোলন থেকে সরছেন না শিক্ষার্থীরা। ছাত্র-শিক্ষকদের এমন যুগপৎ আন্দোলন এর আগে দেখা যায়নি।

হঠাৎ বাতিল সভা, আন্দোলন চলবে

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার (৪ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভা হওয়ার কথা ছিল। তবে সেই সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

সভায় যেহেতু হয়নি তাই আগামী সপ্তাহ থেকে ফের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, সরকারের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সঙ্গে আমাদের সভা হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে। সভা কবে হবে, তা পরে জানানো হবে। সভা আমরা স্থগিত করিনি। আমাদের দাবি নিয়ে সরকারের সুনির্দিষ্ট সমাধান না দেওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

দেশের বিশাল জনগোষ্ঠীকে পেনশন সুবিধার আওতায় আনতে সর্বজনীন পেনশন স্কিমের উদ্যোগ নিয়েছে সরকার। গত ১ জুলাই থেকে যারা নতুন করে বিশ্ববিদ্যালয়ে চাকরিতে ঢুকবেন তাদের জন্য পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে। এর বিরোধিতা করে গত মার্চ থেকে আন্দোলন করছেন শিক্ষকরা। প্রথম দিকে গণস্বাক্ষর  সংগ্রহ, মানববন্ধন, অর্ধদিবস কর্মবিরতির মতো নমনীয় কর্মসূচি করে। কিন্তু সরকারের পক্ষ থেকে সাড়া না মেলায় গত ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নেমেছেন তারা।

তাদের দাবি, নতুন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়সসীমা ৫৯ হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরকালীন সময় ৬৫ বছর। কিন্তু নতুন স্কিমে অবসরকালীন বয়স ধরা হয়েছে ৬০ বছর। এক্ষেত্রে শিক্ষক ও কর্মকর্তাদের বয়সসীমা কত হবে বা নতুন স্কিমে কীভাবে সামঞ্জস্য করা হবে সে ব্যাপারে কোনো দিকনির্দেশনা নেই। এছাড়া আরো কয়েকটি বিষয়ে জোর আপত্তি তুলে পেনশন স্কিমের বিরোধিতা করছেন তারা।

কোটা বহালের রায়ে আন্দোলনে শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার দাবি মেনে নেওয়ার অন্যতম নজির ছিল ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলন। সারা দেশে কোটাবিরোধী আন্দোলনে সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি মেনে নিয়েছিলেন এবং সমস্ত কোটা বাতিল করেছিলেন। কিন্তু একজনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ জুন এক রিট মামলার নিষ্পত্তি করে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ অন্য কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকার যে পরিপত্র জারি করেছিল, তা বাতিল করে দেন হাইকোর্ট। সরকার পক্ষ সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান।

বৃহস্পতিবার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন। এই আদেশের ফলে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে (জাতীয় বেতন গ্রেড নবম থেকে ১৩তম) কোটা পুনর্বহাল হয়েছে। এতে টানা পাঁচ বছর বন্ধ থাকার পর সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা ফিরে আসতে পারে।

আন্দোলনকারী বলছেন, আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে এ আন্দোলনের আগুনে ঘি ঢালার মত অবস্থা তৈরি করেছেন। তাদের দাবি, আদালত যাই বলুক না কেন, কোটা সংস্কার না করে আমরা ঘরে ফিরব না। কোটার কারণে মেধাবীরা সরকারিতে চাকরি বঞ্চিত হচ্ছে। আদালতের উচিত দেশের সাধারণ শিক্ষার্থীদের কথা শোনার।

শিক্ষার্থীদের প্রত্যাশা, আপিল বিভাগ সরাসরি রায় দেয়নি। আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রেখেছেন। একইসঙ্গে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল (নিয়মিত আপিল) করতে বলেছেন আদালত। তাই বিষয়টি এখনও বাতিল হওয়ার সুযোগ রয়েছে। তাই আমরা আন্দোলন থেকে সরে যাব না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা