প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৪

এক কোটি ২৯ লাখ ৪৫ হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া। এই টাকা পরিশোধ করতে বিদ্যুৎ বিভাগ থেকে ১১ জুন মেডিকেলের অধ্যক্ষের কাছে নোটিশ পাঠানো হয়। তবে বিল পরিশোধ করা হয়নি। তাই চট্টগ্রাম মেডিকেল কলেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সোমবার (২৪ জুন) সকাল ৯টা থেকে মেডিকেলের অ্যাকাডেমিক ভবনে বিদ্যুৎ নেই। এতে বিপাকে পড়তে হচ্ছে মেডিকেল শিক্ষার্থীদের। 

নোটিশে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজের চারটি বিদ্যুৎ সংযোগের নামে এক কোটি ২৯ লাখ ৪৫ হাজার টাকার বিল বকেয়া রয়েছে। সাতদিনের মধ্যে বিল পরিশোধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও উল্লেখ ছিল নোটিশে।

মিনহাজুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘সকাল থেকে বিদ্যুৎ নেই। গরমে যা তা অবস্থা। মেডিকেলের কলেজের মতো জায়গায় এমন হওয়াটা দুঃখজনক। বিদ্যুৎ না থাকায় আমাদের নিয়মিত কাজগুলো করতে বেগ পেতে হচ্ছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, ‘আমাদের কিছু বিল বকেয়া রয়েছে। সেটি পরিশোধের জন্য বিদ্যুৎ বিভাগ থেকে চিঠি দিয়েছিল। আমরা বিল পরিশোধ করতে না পারায় সোমবার সকাল থেকে কলেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। অর্থ বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে।’

মেডিকেল কলেজে বিদ্যুৎ না থাকলেও হাসপাতালে বিদ্যুৎ সংযোগ আছে। তাই রোগীর চিকিৎসায় কোনো ব্যাঘাত ঘটছে না।

চট্টগ্রাম মেডিকেলের একাধিক হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান হোস্টেলসহ সব হোস্টেলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা