বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)-এ ১০০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক ন্যানো ল্যাব স্থাপনের ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)-এ ইনস্টিটিউট অব রোবটিক্স অ্যান্ড অটোমেশন (আইআরএবি) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ ঘোষণা দেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামীর স্মার্ট পৃথিবীতে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব তারাই দেবে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, মাইক্রোচিপ ও সাইবার সিকিউরিটিতে দক্ষ ও যোগ্য হবে। ভবিষ্যতে আমাদের কোনোকিছুই প্রযুক্তির বাইরে থাকতে পারবে না।
তিনি বলেন, ন্যানো ল্যাব স্থাপনের কাজ শুরু করার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেটা ইতোমধ্যেই টেন্ডার প্রক্রিয়ায় চলে গেছে। প্রতিমন্ত্রী পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে খরচ নয়, বিনিয়োগ হিসেবে বিবেচনা করতেন। আমরা রোবোটিক্সকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নয়, কলেজ, স্কুল, এমনকি প্রাইমারি স্কুল পর্যন্ত নিয়ে যেতে চাই।