প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মহারণ

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৪

বাংলাদেশ দলের বড় দুশ্চিন্তা আজ। গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠবে প্রত্যাশা টাইগার শিবিরে। গত দুই ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেননি সাকিবিয়ানরা। পর পর দুই ম্যাচ হেরে এবং একটি পরিত্যক্ত হওয়ায় ছিটকে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে টানা তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপের সদস্য বাংলাদেশ এখন পর্যন্ত দু’টি ম্যাচ খেলে একটিতে জয় ও একটিতে হার নিয়ে এখনো ভালো অবস্থানে।

 

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিসেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে। সুপার এইটে উঠতে হলে টাইগারদের অতিক্রম করতে হবে নেদারল্যান্ডস বাধা। আর হারলে পড়তে হবে যদি কিন্তুর সমীকরণে।

 

ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে অবশ্য ৮৭ রানের হারের লজ্জা পেয়েছিল বাংলাদেশ। ওই হারের কারণে সমালোচনার মুখে পড়েছিল লাল-সবুজের জার্সিধারীরা। আবার অন্য ফরম্যাটের বিশ্বকাপে নেদারল্যান্ডসের সাথে দেখা হচ্ছে বাংলাদেশের। ধারণা করা হচ্ছে আবার হারের লজ্জায় পড়তে পারে টাইগাররা।

 

বাংলাদেশের মতো তাদেরও রয়েছে দুই পয়েন্ট। ১৯.২ ওভারে নেপালকে তারা আটকে দিয়েছিল মাত্র ১০৬ রানে। ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছিল তারা। তাতে জয় ৬ উইকেটের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে ১০৩ রান করতে পেরেছিল ডাচরা। প্রোটিয়াদের জয় পেতে ৬ উইকেট হারাতে হয়েছিল।

 

অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস তো বলেই দিলেন, ‘বাংলাদেশকে হারিয়েই সুপার এইটের পথ সহজ করতে চাই। দ্বিতীয় রাউন্ডে যেতে সর্বোচ্চটাই দিতে মরিয়া সকলে। আমরা সাউথ আফ্রিকার কাছে হেরেছি তারাও হেরেছে। সেটিই আমাদের প্রেরণা।’

 

শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর ২ উইকেটে জয় দিয়ে বিশ^কাপ শুরু করেছিল টাইগাররা। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে মাত্র ১১৩ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানের হারে হৃদয় ভাঙ্গে বাংলাদেশের। তবে ক্রিকেটপ্রেমীদের বিশ্বাস, ডাচদের কাছে ওয়ানডে বিশ্বকাপে লজ্জাজনক হারের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠবে বাংলাদেশ।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

নেদারল্যান্ডস দল : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, লোগান ভ্যান বিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরিন, সাইব্রান্ড এঙ্গেলব্রেচ, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গেল, বিক্রম সিং, ভিভ কিংমা ও ওয়েসলি বারেসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা