আগামী ১৪ জুন শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন গতকাল মঙ্গলবার (১১ জুন) পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদিতে এসে পৌঁছেছেন। আগামী কয়েকদিনে এ সংখ্যা আরও বাড়বে।
সৌদির কর্মকর্তারা জানিয়েছেন, তারা আশা করছেন গত বছরের তুলনায় এ বছর বেশি মানুষ হজ করবেন। ২০২৩ সালে সবমিলিয়ে ১৮ লাখ মানুষ হজ করেছিলেন। করোনা মহামারি পরবর্তী সময়ে গত বছরই সবচেয়ে বেশি মানুষ পবিত্র হজ পালন করেন। করোনা হানা দেওয়ার আগে ২০১৯ সালে হজ পালনকারীর সংখ্যা ২৪ লাখ ছাড়িয়েছিল।
যেসব বিদেশি হজ করতে এসেছেন তারা মক্কার পবিত্র কাবা শরীফ তাওয়াফ করেছেন।
তবে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে এ বছর কেউ হজ করতে আসতে পারেননি। কিন্তু ফিলিস্তিনের আরেক অংশ পশ্চিমতীর থেকে হজ করতে অনেকে এসেছেন।
শুক্রবার ১৪ জুন হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৫ জুন হবে আরাফাতের দিন। হজের মাধ্যমে পবিত্র হয়ে হাজিরা পরের দিন ১৬ জুন পশু কোরবানি করবেন।