রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান ও চাঁনমিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে চাপাতিসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ইয়াসিন আরাফাত (১৮), মো. রামীম হোসেন (২০), মো. রাব্বি (২০), মো. বিল্লাল হোসেন (২০)।
সোমবার রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিজানুর রহমান।
এ দিন সন্ধ্যায় ধারাবাহিক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
এসি মিজানুর রহমান বলেন, মোহাম্মদপুরে ছিনতাই বিরোধী অভিযানে ঢাকা উদ্যান হাউজিং ও চাঁনমিয়া হাউজিং এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা এলাকায় চিহ্নিত ছিনতাইকারী হিসেবে পরিচিত।
তিনি আরও বলেন, আসামিরা রাতের আধাঁরে নির্জন এলাকায় ওৎ পেতে থাকে। কোনো পথচারীকে একাকী হাঁটতে দেখলেই তারা অস্ত্রের মুখে ঘিরে ধরে সর্বস্ব ছিনিয়ে নিতো।
অভিযানে অংশ নেওয়া মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) সবুজ রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিরা চিহ্নিত ছিনতাইকারী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। চাপাতিসহ গ্রেফতারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।