প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উত্তেজিত হয়ে কনস্টেবল কাউসার গুলি ছোড়েন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুন, ২০২৪

রাজধানীর বারিধারায় ডিপ্লোমেটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে নিহত কনস্টেবল মনিরুল ইসলামের সঙ্গে অভিযুক্ত কনস্টেবল কাউসার আহমেদের কথা কাটাকাটির সময় উত্তেজিত হয়ে গুলি ছোড়েন কাউসার। এতে ঘটনাস্থলেই মনিরুল মারা যায়। রোববার (৯ জুন) দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপ্স) ড. খ. মহিদ উদ্দিন।

 

পুলিশ কমিশনার বলেন, দুই পুলিশ সদস্যের মধ্যে কোনো বিরোধ ছিল না। কাউসারের সঙ্গে কথা বলেছি কিন্তু বিরোধের কোনো তথ্য পাইনি। পাশাপাশি অভিযুক্ত কাউসারের গত এক-দুই মাসের ডিউটির রেকর্ড দেখেছি। রেকর্ডে দেখা গেছে কাউসার যথাযথভাবে ডিউটি করেছেন। গুলি করার আগে তাদের মধ্যে কী বিষয়ে তর্ক হয়েছিল এখনো তা নিশ্চিত হতে পারিনি আমরা। সেটি পরে তদন্তে জানা যাবে।

 

ডিএমপির এ কর্মকর্তা বলেন, আমার কাছে মনে হয়েছে অভিযুক্ত কনস্টেবল কাউসার আহমেদ মানসিকভাবে বিপর্যস্ত। গুলি করেই তিনি হতভম্ব। প্রাথমিকভাবে দেখা গেছে ৮ থেকে ৯ রাউন্ড গুলি তিনি ছুড়েছেন। এর কম-বেশি হতে পারে।

 

এদিকে, এ ঘটনায় আসামি কনস্টেবল কাওসার আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৯ই জুন) তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরনীতে আছে, শনিবার (৮ই জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে আরেক পুলিশ সদস্য কনস্টেবল কাউসার। নিহত পুলিশ সদস্য ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে কর্মরত ছিলেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা