প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আনার হত্যায় মিললো নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুন, ২০২৪

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় নিরলস তল্লাশির পর এবার কলকাতার একটি খাল থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে। আসামি সিয়ামের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগজোলা খাল থেকে এসব হাড়গোড় উদ্ধার করা হয়। তবে এসব হাড় নিহত আনারের কিনা তা এখনও নিশ্চিত নয়। কলকাতার সংবাদমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

আজ রোববার সকালে সিয়ামকে নিয়ে ভাঙড় এলাকায় পৌঁছে বাগজোলা খালে নামেন সিআইডি কর্মকর্তারা। একপর্যায়ে সেখান থেকে উদ্ধার হয় হাড়গোড়। তবে, সেই হাড় নিহত এমপি আনারেরই কি না তা স্পষ্ট নয়। ফরেনসিক পরীক্ষায় তা জানা যাবে। খালের একটি ঝোপের পাশ থেকে হাড়গোড়গুলো উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।

 

এর মাধ্যমে এমপি আনার হত্যা তদন্তে নতুন মোড় এসেছে। প্রাথমিক ভাবে দেখে অনুমান করা হচ্ছে, সেগুলো মানুষেরই। যদিও তা আনোয়ারুল আজিমেরই কি না তা এখনও স্পষ্ট নয়। এ জন্য করতে হবে ফরেনসিক পরীক্ষা।

 

হাড়গুলো যদি সত্যিই বাংলাদেশের এমপির হয় তা হলে সেটা হবে এই মামলায় সিআইডি তদন্তে বড় অগ্রগতি।

 

সিআইডি সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মাংসের টুকরো বা হাড়ের ডিএনএ প্রোফাইল করতে আনোয়ারুলের কন্যাকে তলব করা হয়েছে। তিনি এসে নমুনা দেবেন বিশেষজ্ঞদের কাছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা