আজ সকালে দেশে ফেরেন মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ করা ৪৫ বাংলাদেশি। এসব বাংলাদেশিরা মিয়ানমার নৌবাহিনীর জাহাজে ফিরেছেন। এ সময় সেই জাহাজেই ফেরত যাবেন বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া মিয়ানমারের বিজিপি ও সেনা বাহিনীর ১৩৪ জন সদস্য।
রোববার (৯ জুন) সকাল সাড়ে ৯টার কক্সবাজারে পৌঁছায় এসব বাংলাদেশিরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন সময় মিয়ানমারের বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এই ৪৫ বাংলাদেশি। এদের মধ্যে কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা রয়েছেন।
এর আগে গত ২৫ এপ্রিল মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফেরেন ১৭৩ জন বাংলাদেশি। একইসঙ্গে ওইদিন বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ।