প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা দেশ উগান্ডা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছে। ১৩৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে উগান্ডা। কিন্তু নিজেদের তৃতীয় ম্যাচে খেলেতে নেমেই লজ্জার এক রেকর্ড গড়ল দলটি।
রোববার (৯ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করে ১২ ওভারে ৩৯ রানে অলআউট হয় উগান্ডা।
গায়ানায় আগে ব্যাটে নেমে ভালোই শুরু পায় ক্যারিবিয়ানরা। প্রথম উইকেট হারানোর আগে করে ৪১ রান। দ্বিতীয় উইকেটে ৩৫ রানের আরও একটি জুটি হয়। শেষ পর্যন্ত ১৭৩ রান করতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা।
জনসন চার্লস ৪২ বলে ৪৪, আন্দ্রে রাসেল ১৭ বলে ৩০ ও রবম্যান পাওয়েল ১৮ বলে ২৩ রান করেন। উগান্ডার মাসাবা নেন দুইটি উইকেট।
জবাবে ব্যাটে নেমে ক্যারিবিয়ান বোলারদের সামলাতে হিমশিম খায় উগান্ডা। স্পিনার আকিল হোসেনের তোপে মাত্র ২৫ রানে আট উইকেট হারিয়ে বসে দলটি। আকিল একাই নেন ৫ উইকেট। এরপর ৯ নম্বরে নামা জুমা মিয়াগির দঢ়তায় ৩৯ রান করতে সক্ষম হয় দলটি। এই ব্যাটার করেন ১৩ রান।
আকিল হোসাইন ৪ ওভারে ৫ রানের বিনিময়ে নেন ৫ উইকেট।