রাজধানীর গুলশান থানার অধীন বারিধারা ডিপ্লোমেটিক জোন এলাকার ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ কনস্টেবলের এলোপাথাড়ি গুলির শিকার হয়ে মারা গেছেন আরেক পুলিশ কনস্টেবল। নিহত পুলিশ সদসের নাম মনিরুল। কাউসার নামে অপর পুলিশ সদস্য তাকে গুলি করে। কাউসারক আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
ঘটনাস্থলে সরেজমিনে যাওয়ার পর নিহত পুলিশ সদস্যের নিথর মরদেহ পড়ে থাকতে দেখা গেছে । সেই দেহের চারদিকে রক্ত। গুলশান-বারিধারা ডিপ্লোমেটিক জোনের সামনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সোয়াট টিম।
একই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে একজন পথচারী ও অপরজন জাপান দূতাবাসের গাড়ি চালক।শনিবার(৮ জুন) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ঘটেছে এ ঘটনা।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) রিফাত রহমান শামীম বলেন, ‘গুলশান কূটনৈতিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে পুলিশ সদস্য পড়ে থাকার খবর পাওয়া মাত্র ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি যে রাত পৌনে ১২টার দিকে ফিলিস্তান দূতাবাসের সামনে উত্তর পাশের গার্ডরুমে এলোপাথারি গুলিতে মনিরুল ইসলাম নামে এক কনস্টেবল(৩৬ ৯৮১) মারা গেছে৷ গুলি করেছে কনস্টেবল কাউসার আহমেদ। তাকে আমরা হেফাজতে নিতে সক্ষম হয়েছি।’