১৭২০ সালে প্রথম বাজেট ও রাজস্বনীতি উত্থাপন করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী রবার্ট ওয়ালপুল। বাজেট শব্দটির উৎপত্তি হয় ‘বুজেট’ থেকে। যার অর্থ হচ্ছে মানিব্যাগ বা টাকার থলি। বাজেট বক্তৃতায় ৫০ বছরে দেশের একাধিক অর্থমন্ত্রীর বক্তব্য নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। অনেকে প্রশংসাও কুড়িয়েছেন। অর্থমন্ত্রীদের মধ্যে অনেকে না ফেরার দেশে চলে গেলেও তাদের কথামালা ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে।
বুজেটকে বাজেটে রূপ দেওয়া হয়েছিল ১৭৩৩ সালে, যুক্তরাজ্যে রাজা দ্বিতীয় জর্জের সময়ে। ঐ সময় যুক্তরাজ্যের চরম আর্থিক সংকট চলছিল। রবার্ট ওয়ালপুল নানা মহল থেকে তিনি কর সংক্রান্ত যত দাবি বা প্রস্তাব পেতেন, তা তার বুজেট বা মানিব্যাগে রেখে দিতেন। পরে যখন আনুষ্ঠানিকভাবে কর প্রস্তাব উত্থাপনের সময় এলো, তিনি মানিব্যাগ থেকে সব বের করে একটা প্রস্তাব তৈরি করে তা পার্লামেন্টে উত্থাপন করলেন। সেটিই ছিল বিশ্বের প্রথম বাজেট।
আর ভারত উপমহাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন জেমস উইলসন স্কটিশ এক ব্যবসায়ী। তিনি ছিলেন ইন্ডিয়া কাউন্সিলের ফিন্যান্স মেম্বার। সিপাহি বিদ্রোহের অবসানের তিন বছর পর জেমস উইলসন ১৮৬০ সালের ৭ এপ্রিল উপমহাদেশের প্রথম বাজেটটি পেশ করেছিলেন।
১৯৪৭ সালের দেশভাগের পর ১৯৪৮ সালের ১৬ মার্চ পূর্ববাংলা প্রদেশে প্রাদেশিক পরিষদের অধিবেশন বসে জগন্নাথ হলের হলঘরে। সেখানেই ১৯৪৮-৪৯ সালের প্রথম বাজেট পেশ করেন পূর্ববাংলার অর্থমন্ত্রী হামিদুল হক চৌধুরী। ওই অর্থবছরে বাজেটের আকার ছিল সাড়ে ৪১ কোটি টাকা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম অর্থমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করেন। তিনি ১৯৭২ সালের ৩০ জুন একই সঙ্গে ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেছিলেন।
কালের ধারাবাহিকতায় এ পর্যন্ত ৫২ বার বাজেট ঘোষণা হয়েছে স্বাধীন বাংলাদেশে। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার ৫৩তম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন।