প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতীয় সংসদে বাজেট পেশ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুন, ২০২৪

বাংলাদেশের ৫৩তম বাজেট জাতীয় সংসদে শুরু হয়েছে। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ’ গড়ার অভিমুখে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন। যার আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। আজ বুধবার ( ৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অধিবেশন শুরু হয়।

 

আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থবারের নতুন মেয়াদের প্রথম বাজেট পেশ করছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

 

এ বাজেটের সম্ভাব্য আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বিদায়ী অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

 

বড় এই বাজেটের খরচ মেটাতে আয়ের সম্ভাব্য লক্ষ্য ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআর যোগান দেবে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। তারপরেও ঘাটতি থাকবে ২ লাখ ৫১ হাজার ৬শ’ কোটি টাকা। ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ, সঞ্চয়পত্র বিক্রিসহ দেশি উৎস থেকে ১ লাখ ৬০ হাজার ৯০০ কোটি টাকা ঋণ নেবে সরকার। আর বৈদেশিক ঋণ নেয়ার লক্ষ্য ৯০ হাজার ৭শ’ কোটি টাকা।

 

নতুন বাজেটে জিডিপি’র প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৭৫ শতাংশ। বর্তমানে ১০ শতাংশের ওপরে থাকা মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যও সরকারের। বিভিন্ন খাতে সরকারের ভর্তুকি কমানোর ঘোষণা থাকছে বাজেটে।

 

বাজেটে মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন এবং নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্র“তি পূরণের চেষ্টা থাকবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা