২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রথম ধাপে আগামী এক বছর কি কি কার্যক্রম বাস্তবায়ন করবে সরকার তার প্রস্তাবনা থাকছে আসছে বাজেটে। উন্নয়ন পরিকল্পনার সাথে স্মার্ট বাংলাদেশ ধারনাও এবার বাজেটে গুরুত্ব পাবে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী। শুধু বাজেট প্রণয়নই নয়, স্মার্ট বাংলাদেশ নির্মিাণের কার্যক্রম এগিয়ে নিতে যথাযথভাবে বাজেট বাস্তবায়নেও নজরদারি থাকবে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী।
গেল অর্থ বছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বরাদ্দ দেয়া হয় ২ হাজার ৩৬৮ কোটি টাকা। এবারের বাজেটে প্রযুক্তি সুবিধা আরো বাড়ানো এবং এই খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। একই সাথে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার ওপরও জোর দেন তত্ত্বাধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী- চারটি মুল স্তম্ভ স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার ব্যবস্থা, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ। স্মার্ট রাষ্ট্রগঠনের প্রক্রিয়া বাস্তবায়ন হলে সরকারি বেসরকারি দপ্তর হবে পেপারলেস, নগদ টাকার পরিবর্তে প্রযুক্তিনির্ভর পেমেন্ট ব্যবস্থা এবং ঘরে বসেই সরকারি বেসরকারি সেবা পাবে মানুষ। আর এটি করতে আনছে বাজেটে সংশ্লিষ্ট খাতে অর্থের বরাদ্দও রাখা হচ্ছে গুরুত্বের সাথে।