ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাবার দেহের খণ্ডাংশ উদ্ধারের ঘটনায় ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে কলকাতায় যাবেন। মঙ্গলবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন এমপি আনারের এপিএস আব্দুর রউফ।
আব্দুর রউফ বলেন, এমপি সাহেবের মেয়ে ডরিন ও আমি একসঙ্গে ভারতীয় ভিসা পেয়েছি। ডিবির তদন্ত টিম নেপাল থেকে দেশে আসার পর তাদের সঙ্গে কথা বলে কলকাতায় যাব।
এর আগে, গত ২২ মে মুমতারিন ফেরদৌস ডরিন ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ ভারতের ভিসার জন্য আবেদন করেন। আবেদনের ১২ দিন পর ভারতের ভিসা পেয়েছেন তারা।
গত ১২ মে চিকিৎসার জন্য এমপি আনোয়ারুল আজীম আনার দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতে যান। সেখানে গিয়ে গত ২২ মে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তার খুন হওয়ার বিষয়টি জানায় ভারতীয় পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্যা সাইদ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ।