প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আনার হত্যায় তদন্ত কর্মকর্তাসহ ১১ জনকে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জুন, ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় ঢাকায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এডিসি শাহিদুর রহমানসহ ১১ জনকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের আদেশে তাকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। শাহিদুর রহমান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

আজ সোমবার (৩ জুন) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, শাহিদুরসহ ১১ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এ ছাড়া, ১২ জন সহকারী পুলিশ সুপারকে একই আদেশে বদলি করেছে পুলিশ সদর দপ্তর।

 

ডিবির এই কর্মকর্তা বর্তমানে এ ঘটনায় তদন্তে নেপাল অবস্থান করছেন, তখনই পুলিশ সদর দপ্তর থেকে তার বদলির প্রজ্ঞাপন হলো। গতকাল একই প্রজ্ঞাপনে আরও ২২ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর।

 

জানা গেছে, শাহিদুর রহমানের বিচক্ষণতা ও কর্মদক্ষতায় আনার হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি। এর আগে, মতিঝিলে আওয়ামী লীগ নেতা টিপু হত্যার তদন্তেও মুন্সিয়ানা দেখিয়েছিলেন ডিবি কর্মকর্তা শাহিদুর। বিদেশ থেকে আসামি ধরে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি দক্ষতার পরিচয় দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা