আজ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। আজ রোববার (২রা জুন) সকাল ৮টা থেকে এই বিক্রি শুরু হয়। বরাবরের মতো এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হবে। আগামী ১৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে এই টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়। কর্ম পরিকল্পনায় বলা হয়, এবার দুই সময়ে ট্রেনের আসন বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের আসন বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে আর পূর্বাঞ্চলের আসন বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৫ দিনের ট্রেনের আসন বিক্রি করা হবে। রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা এ আসন সংগ্রহ করতে পারবেন। সে ক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে।
আরও বলা হয়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসন বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি হবে ৪ জুন; ১৫ জুনের আসন বিক্রি হবে ৫ জুন; ১৬ জুনের আসন বিক্রি হবে ৬ জুন।