প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঠাকুরগাঁওয়ে ঝড়ে বিধ্বস্ত ২০ গ্রাম, তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুন, ২০২৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঝড়ে ২০ গ্রাম বিধ্বস্ত হয়েছে। এ সময় ঝড়ের কবলে দুই নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন উপজেলার শালডাঙ্গা গ্রামের ফরিদা বেগম (৪০), জাহেদা বেগম (৫০) এবং একই উপজেলার লালাপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলামের আড়াই বছরের ছেলে নাঈমের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝড়ে পাড়িয়া ইউনিয়নের তিলকড়া, শালডাঙ্গা, বঙ্গভিটা, লোহাড়া, বামুনিয়াসহ ১২টি গ্রাম, বড়বাড়ি ইউনিয়নের বেলহাড়া, বেলবাড়ী, বটের হাট, হরিপুরসহ আটটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশির ভাগ কাঁচা বাড়ির টিনের চালা উড়ে গেছে। গাছ ভেঙে পড়েছে ঘরের ওপর। বড়বাড়ী ইউনিয়নের আধারদীঘি বাজারে পাঁচটি দোকান ও দুটি হোটেলে গাছ ভেঙে পড়েছে। ঘরের টিন নষ্টসহ সার, কীটনাশক ও সিমেন্ট ব্যবসায়ীদের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

এদিকে ঘটনার পর থেকে এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গী জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ঝড়ে ৪০টিরও বেশি বৈদ্যুতিক খুঁটি উপড়ে ও ভেঙে গেছে। এ ছাড়া অনেক স্থানে বৈদ্যুতিক তারের ওপর গাছ ভেঙে পড়েছে। বালিয়াডাঙ্গী বাজারে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বাকি সব এলাকায় বিদ্যুৎ বন্ধ। সকাল থেকে আমাদের লোকজন মাঠে কাজ করছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা